আমার শহর আমাকে নিরাপত্তা দিতে পারছে?
কারও মতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের অভাবে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলছে। কেউ কেউ এখন ঘর থেকে বের হচ্ছেন আশঙ্কাকে সঙ্গী করে। বাবা-মায়েরা সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথায় এসব উঠে এসেছে।
লালমাটিয়া কলেজের শিক্ষার্থী মৌমিয়া হাসানের টিউশনি শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়। ভয়ে থাকেন কখন কী হয়ে যায়। তিনি বলেন, ‘কই যাচ্ছি আমরা? আমার নিজের শহর আমাকে নিরাপত্তা দিতে পারছে? ভয় নিয়ে রাস্তায় চলতে হয়।’
গত কয়েক দিনে গণমাধ্যমে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনার খবর এসেছে। গাজীপুরে বাবা-মেয়ের ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা, সিলেটে মা-মেয়েকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ফরিদপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগসহ এসব খবর এখন চারদিকে। মা-বাবারা মেয়েদের নিয়ে চিন্তায় পড়ে গেছেন। মো. আলামিন একটি সরকারি অফিসের চাকরি করেন। তিনি বলেন, ‘আমার দুই মেয়ে। টিভি-পেপার খুলে এসব দেখলে কোনো বাবার ঘুম হওয়ার কথা নয়। মেয়েরা বড়ও হচ্ছে। ওদের তো স্বাধীনতা দিতে হবে। কিন্তু সমাজ যেদিকে যাচ্ছে, ওদের ছাড়তে সাহস পাই না।’
নাম প্রকাশ না করার শর্তে একজন গৃহিণী বলেন, ‘কে নিরাপদ? আমি তো মধ্যবয়স্ক, বাইরে বের হলে আমি যে পরিমাণ টিজ হই, তাহলে আমার মেয়ের অবস্থা চিন্তা করে দেখুন।’ তিনি পোশাকের প্রসঙ্গ তুলে বলেন, ‘অনেককেই বলতে শুনি, পোশাকের কারণে এমন হয়। আমি, আমার মেয়ে দুজনেই হিজাব পরি। কই আমরা তো বাজে কথা শোনা থেকে রেহাই পাই না।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুব রহমান বলেন, ‘দেশে এখন পর্যন্ত শুনিনি যে ধর্ষকদের এমন কোনো বিচার হয়েছে, যেটার কথা চিন্তা করে একটু ভয় পাবে। মিডিয়াতে যত দিন হইচই হবে, তত দিনই এর খবর পাওয়া যায়। দুই দিন পরে মিডিয়াও ব্যস্ত হবে অন্য ইস্যুতে, এসব কেসও তখন ঝুলে যাবে।’ তিনি আরও বলেন, এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
বন্ধুদের সঙ্গে মিশতে বাসা থেকে নিষেধ করেছে সুমাইয়া আকবরের মা-বাবা। সুমাইয়া বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তিনি বলেন, কিছুদিন আগেও এত কড়াকড়ি ছিল না। বরং অন্য বন্ধুরা তাঁর মা-বাবাকে উদাহরণ হিসেবে দেখাতেন যেকোনো জায়গায় যাওয়ার ব্যাপারে। কিন্তু তাঁরাই এখন কোথাও যেতে ও বন্ধুদের সঙ্গে মেশা কমাতে বলেছেন।
মোহাম্মদীয়া সুপার মার্কেটের দোকানি মো. কালাম মনে করেন, ছোট থেকেই এসব ব্যাপারে সন্তানদের শিক্ষা দেওয়া উচিত। তিনি বলেন, ‘মানুষকে সম্মান করা শেখাইতে হয় ঘর থেকে।’
অনেকেই আবার বন্ধু নির্বাচনে একটু সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন। যেকোনো জায়গায় যাওয়ার ব্যাপারে পরিবারের কাউকে জানিয়ে যাওয়ার কথাও বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল আহমেদ বলেন, ‘ধর্ষকদের বিচার হতেই হবে। টাকায় সব বিক্রি হবে, এতটা রসাতলে দেশ যায় নাই। আর বিচার চাইতে গিয়ে ভুক্তভোগী পরিবারের যেন ক্ষতিও না করি, সেটা খেয়াল রাখতে হবে।’