আমার শিক্ষক 'সামাদ স্যার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সামাদ
আবদুস সামাদ

গত ২৫ মে রুহিয়া ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম চাচার ফেসবুকে পোস্ট দেখি, আবদুস সামাদ স্যার ব্রেইন স্ট্রোক করেছেন। ভর্তি হয়েছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। খবরটা শুনে ভীষণ খারাপ লাগল। খোঁজ নিতে শুরু করি। জানতে পারি, তিনি এখন আইসিইউতে আছেন। জ্ঞান ফেরেনি। দেখতে যাবে বলে মনস্থির করি। কিন্তু আর যাওয়া হয়ে উঠছিল না।

অফিস শেষে রাতে মায়ের কাছে প্রত্যেকদিনেই খবর পাই। উনাকে নিয়ে টুকটাক কথাও হয়। কে জানতে আরও কোনো দিন দেখা হবে না। গতকাল ২ জুন, বিকেলে জানতে পারি, তিনি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পৃথিবীর সমস্ত আলো থেকে তিনি চলে গেছেন ওপারে। বয়স হয়েছিল ৭০ বছর। ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ঘনিমহেষপুর গ্রামে ১৯৪৯ সালে এক সম্ভ্রম পরিবারে জন্ম স্যারের।

মনে মধ্যে স্মৃতিগুলো জীবন্ত হয়ে ধূসর মেঘে ভাসতে লাগে। তিনি আমার স্কুলের শিক্ষক না হলেও তাঁর কাছে পড়তে যেতাম। অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত তিনি পড়াতেন গণিত, পদার্থ বিজ্ঞান ও উচ্চতর গণিত। আমরা প্রত্যেকদিন সকাল সকাল তাঁর বাড়িতে উপস্থিত হতাম। স্যারকে কেন্দ্র করে আমরা শীতল পাটিতে বসতাম। কয়েকটা ব্যাচ করে তিনি পড়াতেন। হাতে থাকত একটার পর একটা সিগারেট। সেই সময়ে তিনি পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষকতা করতেন। পরবর্তীতে রুহিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

এত সহজ করে পড়াতেন যা মনের মধ্যে গেঁথে যেত। মাঝে মধ্যে জীবন সম্পর্কে বলতেন। অলসতা করলে পিঠে চাপড়ে দিতেন। জীবনের স্বপ্নের কথা বলতেন। স্বপ্ন দেখাতেন। সারা জীবন মানব সেবায় ব্রত ছিলেন তিনি। কত ছেলে মেয়ে পড়তে আসত তাদের কোনো টিউশন ফিও দিতে হতো না। বিনে পয়সায় দিনের পর দিন পড়াতেন। টাকার অভাবে কোনো দরিদ্র শিক্ষার্থীরা পড়তে পারছে না এমন শিক্ষার্থীদের পাশে থাকে সাহস, শক্তি জোগাতেন।

স্যার সেই সময়ে প্রথম শ্রেণিতে বিএসসি পাস করেন। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। সেই আদর্শ জীবনের শেষ দিন পর্যন্ত ধারণ করেছিলেন। মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন তিনি।

শিক্ষকতাকে পেশা হিসেবে কর্মজীবন শুরু করেন আবদুস সামাদ স্যার। দক্ষতার সঙ্গে পড়াতেন বলে শিক্ষার্থীদের কাছে অল্পসময়ের মধ্যে তিনি হয়ে ওঠে জনপ্রিয় শিক্ষক। গ্রামে সবাই তাঁকে শ্রদ্ধাভরে ডাকতেন ‘ছামাদ মাস্টার’ বলে। এ ছাড়া গ্রামের কোনো জমি-জায়গা কিংবা পারিবারিক বিবাদ লাগলে তিনি ছুটে যেতেন। সেটার ন্যায় বিচার করতেন। তাঁর সিদ্ধান্ত সবাই শ্রদ্ধা সঙ্গে মেনে নিতেন।

তরুণেরা কোনো ক্লাব কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে আয়োজন করতে চাইলে তা ব্যাপক উৎসাহ দিতেন স্যার। এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান-ক্লাবের প্রতিষ্ঠাতার সঙ্গে তিনি জড়িত ছিলেন। সামাজিক ও রাজনীতির কারণে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের অনেক মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। শিক্ষকতা ছাড়া তিনি কৃষি ক্ষেত্র অনেক অবদান রেখেছেন এলাকায়। নতুন নতুন জাত সংগ্রহ করে চাষা করাতেন এতে করে অন্য কৃষিরা তাঁর কাছে এসে পরামর্শ নিতেন। ফলে কৃষকেরা অনেক উৎসাহিত হতেন।

অভিভাবকের মতো পরামর্শ দিতেন। খোঁজ খবর রাখতেন। আব্বা অসুস্থতার পর আমার মাকে বারবার সান্ত্বনা দিয়ে বলতেন, ‘বেটি মন খারাপ করিস না। সব ঠিক হয়ে যাবে।’ ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেলেই দেখা পেলেই খোঁজ খবর নিয়ে অনেক আশীর্বাদ করতেন। এমন মানুষের শূন্য আসলে কোনো দিনও পূরণ হবে না। ওপারে যেন ওপরওয়ালা ভালো রাখেন। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।

আবু সাঈদ: কবি, লেখক ও সংগঠক।