আমার সন্তুষ্টিতে কিছু আসে-যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্রমান্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। গতকাল বুধবার সচিবালয়ে বিজিএমইএর নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে গত দুই সপ্তাহের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার সন্তুষ্টিতে কারও কিছু আসে-যায় না।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি কার কাছে দাবি করব, কাকে বলব, ঠিক বুঝলাম না। জনগণই এর ভালো জবাব দিতে পারবে।’ বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প-পুলিশের অনুমোদন দেওয়ায় এবং এর কার্যক্রম শুরু করায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে বিজিএমইএর নেতারা সচিবালয়ে তাঁর কাছে এসেছিলেন। এ ছাড়া বৈঠকে বিজিএমইএ নেতারা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে বন্দরে ও অন্যান্য স্থানে তাঁদের মালামাল চুরি হয়ে যায়। বিজিএমইএ সভাপতি সালাম মুর্শেদীর নেতৃত্বে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক খন্দকার হাসান মাহমুদ, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ও বিজিএমইএর ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।