জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ দাবি করেছেন, একমাত্র জাতীয় পার্টিই পারে সুশাসন দিতে। তিনি বলেন, ‘আমার সময়ে বাজেট ছিল চার-পাঁচ হাজার কোটি টাকার৷ এখন এক ব্যাংক থেকেই তা লুট হচ্ছে।’
রাজধানীর বনানীর কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে বরিশাল মহানগর জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন৷
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় দেওয়া বক্তব্যে এরশাদ টাকা পাচার, ব্যাংক ও শেয়ারবাজারের টাকা লুটপাটের কথা বলেছিলেন৷ এর উল্লেখ করে গতকাল তিনি বলেন, ‘গতকালও (বৃহস্পতিবার) বলেছিলাম, আজ মালয়েশিয়া, কানাডায় টাকা পাচার হচ্ছে৷ অনেকে সেখানে বাড়ি করছেন৷ কানাডায় “বেগম পাড়া” আছে৷ এত টাকা তারা কোথায় পেল?’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘শেয়ারবাজার থেকে যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, আমরা তাদের চিনি। অথচ, তাদের কিচ্ছু হয়নি। তারা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। কারণ, দেশে গিরবের জন্য এক আইন, উচ্চতরের জন্য আরেক আইন।’ তিনি বলেন, মানুষ আর হাওয়া ভবনের শাসন চায় না। এ সরকারকেও চায় না। দুই দলের নামগন্ধও মানুষের মনে নেই, তারা মনেপ্রাণে পরিবর্তন চায়। তিনি বলেন, ‘আমাদের লক্ষ৵ একটাই, আমরা বিএনপির জায়গায় যাব। প্রমাণ করব, আমরাই জাতীয়তাবাদী শক্তির একমাত্র ধারক ও বাহক।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া। সভাপতিত্ব করেন বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক এ কে এম মর্তুজা আবেদীন৷
এরশাদের সঙ্গে সেলিম ওসমানের সাক্ষাৎ: বনানীর কার্যালয়ে সন্ধ্যায় এরশাদের সঙ্গে দেখা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে বিজয়ী জাতীয় পার্টির প্রার্থী এ কে এম সেলিম ওসমান৷ তিনি ফুল দিয়ে এরশাদকে শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার এ নির্বাচন হয়৷
এ সময় এরশাদ বলেন, ‘প্রথম আলো, ড. কামাল হোসেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, তার পরও মানুষ ভালো মানুষকে ভোট দিয়েছে৷ বাংলাদেশে আমার চেয়ে প্রবীণ রাজনীতিবিদ আর কেউ নেই৷ নারায়ণগঞ্জের মানুষ আমার সম্মান রেখেছে৷’