'আমার সাঞ্জু আবার আসবে তো?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেকে হারিয়ে মায়ের বিলাপ (মাঝে সবুজ পোশাক)। ছবি : শেখ সাবিহা আলম
ছেলেকে হারিয়ে মায়ের বিলাপ (মাঝে সবুজ পোশাক)। ছবি : শেখ সাবিহা আলম

কেরানীগঞ্জে চুনকুটিয়ার হাবিবনগর স্কুলের সামনে বহু মানুষের জটলা। একটা খাটিয়াকে ঘিরে এই ভিড়। খাটিয়ায় সাজ্জাদ হোসেন শুয়ে আছে। চোখে গাঢ় সুরমা, পুরো মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে জরির চিহ্ন। জানাজার জন্য যখন খাটিয়া নিয়ে যাওয়া হচ্ছিল মা রাশেদা ব্যাকুল হয়ে একে-ওকে বলছিলেন, ‘আমার সাঞ্জু আবার আসবে তো? না কি? আবার দিয়া যাবে তো?'
আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে বেশ প্রস্তুতি নিয়ে গতকাল শুক্রবার রাতে বাড়ি ছেড়েছিল সাজ্জাদ, আর আজ লাশ হয়ে ফিরেছে।
মো. নাসির আহম্মেদ আর রাশেদা বেগম দম্পতির পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট সাজ্জাদ। স্থানীয় চরাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সে। অন্য সন্তানেরা তেমন লেখাপড়া না করায় বাবা নাসিরের ইচ্ছে ছিল ছোট ছেলেকে ভালো করে পড়ালেখা করাবেন। সে জন্য তিনি বাবুবাজারে নিজেদের বাড়ি ছেড়ে কেরানীগঞ্জে এসেছেন। ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছেন। বাড়িতেও রেখেছিলেন গৃহশিক্ষক।
চুনকুটিয়ার মানুষ যখন সাজ্জাদকে এক নজর দেখতে ভিড় জমিয়েছে, তখন খানিকটা দূরে বসেছিলেন সাজ্জাদের বৃদ্ধ বাবা। বেলা যখন প্রায় দেড়টা তখন কেউ একজন হাত ধরে খাটিয়ার কাছে নিয়ে আসেন তাঁকে। ছেলের মুখ থেকে চোখ সরাতে পারছিলেন না নাসির। মনে মনে হয়তো ভাবছিলেন আদরের জাদুধনকে কীভাবে শেষ বিদায় জানাবেন। এক সময় জটলার মধ্য থেকে আত্মীয়-স্বজনদের কাউকে বলতে শোনা গেল, যোহরের নামাজের পর জানাজা। দেরি হয়ে যাচ্ছে। ‘মুর্দা’-কে তাড়াতাড়ি নিতে হবে। ব্যস্ত হাতে কাফনের কাপড়ে মুখ ঢেকে দেওয়া হলো সাজ্জাদের। তারপর খাটিয়া তুলে নিলেন কাঁধে। ডুকরে কেঁদে উঠলেন নাসির। মা রাশেদা তখনো প্রলাপ বকছেন।
নাসির-রাশেদা দম্পতির নবম শ্রেণি পড়ুয়া ছেলে শাহেদ পানিতে ডুবে মারা যাওয়ার পর সাজ্জাদের জন্ম। পরিবারের বাকি তিন ভাই ও দুই বোনের চেয়ে বয়সে সাজ্জাদ অনেক ছোট। সাজ্জাদের স্বজনেরা বলছিলেন, টিভিতে রাত থেকেই সাজ্জাদের মৃত্যুর খবর প্রচার করা হচ্ছিল। তবু বিষয়টি রাশেদার কাছে গোপন রাখা হয়। রাশেদাও স্বজনদের কথা বিশ্বাস করেছিলেন। কারণ আগে কখনো মিছিলে অংশ নিতে দালানের ভেতর ঢোকেনি সাজ্জাদ। ও সব সময় যুক্ত হয়েছে দালান থেকে বেরোনোর পর। রাশেদা বলেন, মহররমের তাজিয়ায় অংশ নেবে বলে বেশ কিছুদিন ধরেই সাজ্জাদ প্রস্তুতি নিচ্ছিল। চোখে সুরমা দিচ্ছিল রোজ, ইস্তিরি করে রেখেছিল কালো পায়জামা-পাঞ্জাবি। 

কাল রাতের বোমা হামলায় এই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। বোমার আঘাতে সাজ্জাদের ভাবি সুমির পায়ে জখম হয়েছে। সাজ্জাদের ভাগনির পেটে স্প্লিন্টার ঢুকেছে। পুড়ে গেছে শরীরে বিভিন্ন জায়গা। সাজ্জাদের খালা আয়েশা বেগমের অবস্থা আরও খারাপ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাজ্জাদের ভাবি সুমি প্রথম আলো কে বলেন, প্রতিবছরের মতো এবারও তাঁরা মহররমের তাজিয়ায় অংশ নিতে গিয়েছিলেন। তিনি তাঁর স্বামী, দুই সন্তান, মা ও দেবর সাজ্জাদ একসঙ্গে মিছিলের সামনের দিকেই ছিলেন। প্রথমে যখন বোমার শব্দ পান , তাঁরা ভেবেছিলেন ট্রান্সফরমার পুড়েছে। সেই শব্দের রেশ না মেলাতেই মুহুর্মুহু হামলা। একটি বোমা সাজ্জাদের পিঠের ওপর পড়ে। এতে সে উপুড় হয়ে পথের ওপর পড়ে গেলে শত শত মানুষ প্রাণ বাঁচাতে তাকে মাড়িয়ে চলে যায়। সুমি বলছিলেন, ‘আমার চোখের সামনে ও মারা গেছে। তখনই বুঝছি ও নাই। আমার পা গেছে। আমার মেয়ে স্নেহা চিৎকার করে কাঁদতেছে, ‘আম্মু, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও।’ বেশ কিছুক্ষণ পর হোসনি দালানের লোকজন এসে তাঁদের হাসপাতালে পৌঁছে দেন।

সুমি যখন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, রাশেদা আস্তে আস্তে জিজ্ঞেস করছিলেন, ‘কই কই ব্যথা পাইছে আমার সাঞ্জু? পিঠে ? পিঠে ব্যথা পাইলে কি মানুষ বাঁচে না? ব্যথা পাওয়ার পর কেউ ধরে নাই? সবাই ওর ওপর দিয়া গেছে?’