>গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানের সাক্ষাৎকার নিয়েছেন সেলিম জাহিদ

প্রথম আলো: আপনি বলছেন, আপনার বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক হয়রানিমূলক। কিন্তু ওই সময় নাশকতার ঘটনা তো ঘটেছে। তাহলে কেন রাজনৈতিক মামলা বলছেন?
এম এ মান্নান: এ জন্যই বলছি, এগুলোর সঙ্গে তো আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এগুলো কে করেছে, কারা করেছে, তা তো আমি জানি না। আসলে কারা করেছে, তা পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে খুঁজে বের করুক। আমি মনে করি, আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য, হয়রানি করার জন্য এ মামলাগুলো করা হয়েছে।
প্রথম আলো: যে কয় মাস মেয়রের দায়িত্বে ছিলেন, তখন তো সরকারের সহযোগিতা পেয়েছেন। পরিস্থিতির পরিবর্তনে বিরোধী দল বা বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলন কি দায়ী নয়?
মান্নান: আপনি বলছেন সহযোগিতা পেয়েছি, কী সহযোগিতা পেয়েছি? গাজীপুর দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন। সরকারি দলের মেয়রদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে, আর আমাকে মামলা দিয়ে গ্রেপ্তার করে দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর তো অবস্থা এমন যে, নির্বাচিত হয়েছি কেন এটাই বড় অপরাধ। নতুন সিটি করপোরেশন, এর কোনো কাঠামো ছিল না। সে কাঠামো তৈরি করে রাজস্ব আয় বৃদ্ধির জন্য চেষ্টা করেছি এবং আয় বৃদ্ধি করে সেই অর্থ দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। আরও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি আমার ছিল। আমি প্রায় ৭০-৮০ কোটি টাকার টেন্ডার দিয়ে এসেছি। এ ছাড়া ঠিকাদারদের ৮০ কোটি টাকা বকেয়া নিয়ে আমি দায়িত্ব গ্রহণ করি। প্রায় ৬৫-৭০ কোটি টাকা বকেয়া শোধ করেছি।
প্রথম আলো: তাহলে কি আপনি সরকারের সহযোগিতা-অসহযোগিতা কোনোটিই পাননি?
মান্নান: সিটি করপোরেশন স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার তো সরকারেরই অংশ। সেই হিসেবে সরকারি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এখানে অসহযোগিতার কোনো প্রশ্ন আসে না। ফলে সরকারের সঙ্গে যতটুকু সম্পর্ক রেখে কাজ করা দরকার, তা করেছি। তাই সরকারের সহযোগিতা পাইনি, সে কথা বলব না। যেমন জাইকার প্রজেক্টগুলো, এটা তো সরকারিভাবেই বরাদ্দ গেছে। সেটা পেয়েছি।
প্রথম আলো: আপনি বলছেন, আপনার মামলাগুলো রাজনৈতিক হয়রানিমূলক। কিন্তু বরিশাল ও কুমিল্লার মেয়র পুরো সময় দায়িত্ব পালন করেছেন। তাঁরাও তো বিএনপির, তাহলে আপনার ক্ষেত্রে এমনটা কেন?
মান্নান: এর উত্তর আমি কী করে দেব। আমাকে কেন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে, এর পেছনে কী কারণ জানি না। এখানে যাঁরা জেলা বিএনপির সভাপতি-সেক্রেটারি, তাঁদের গ্রেপ্তার করে না। যাঁরা এলাকায় দায়িত্ব পালন করেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয় না, আমাকে গ্রেপ্তার করা হয়। আসলে নির্বাচনে যারা আমার কাছে পরাজিত হয়েছে, সেই মহলের আক্রোশ বা তাদের ভূমিকা আছে।
প্রথম আলো: নির্বাচনের পর সাড়ে তিন বছর হয়ে গেল, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কতটা পূরণ করতে পেরেছেন?
মান্নান: দুই বছর দায়িত্ব পালন করতে পারিনি, আমাকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। জনগণের প্রত্যাশা কীভাবে পূরণ করব? আমি ১৮ মাস দায়িত্ব পালন করেছি, চেষ্টা করেছি মানুষের কল্যাণের জন্য, এলাকার উন্নয়নের জন্য। যতটুকু পেরেছি করেছি।
প্রথম আলো: ভারপ্রাপ্ত মেয়র কেমন চালাচ্ছেন?
মান্নান: কেমন চালাচ্ছেন এলাকার মানুষকে জিজ্ঞেস করে তথ্য নেন। আমি জানি, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে লুটপাট চলছে।
প্রথম আলো: একবার আদালত থেকে বরখাস্ত আদেশ স্থগিতের রায় পেয়েছিলেন, এবার কী পদক্ষেপ নিচ্ছেন?
মান্নান: এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি। আমি শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার চিন্তা করছি।
প্রথম আলো: বিগত সংসদ নির্বাচন বর্জনে বিএনপির সিদ্ধান্তকে কীভাবে দেখছেন। অনেকে মনে করছেন, এখনকার যে রাজনৈতিক সমস্যা, এর শুরু সেখান থেকে।
মান্নান: দেশের রাজনৈতিক সমস্যা তো সৃষ্টি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল করার কারণে। এটা যদি বাতিল না হতো, তাহলে তো এ সমস্যা হতো না। বিএনপি নির্বাচনে যেত, সব দলের অংশগ্রহণে নির্বাচনও হতো, দেশে ভালো পরিবেশ থাকত, গণতান্ত্রিক পরিবেশ থাকত। তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল করার প্রতিবাদেই তো বিএনপি নির্বাচনে যায়নি।