আমি আর কারও পকেটে থাকব না: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অভিযোগ করেছেন, মামলার ভয় দেখিয়ে সরকার তাঁকে পকেটে রাখতে চায়। তিনি বলেন, ‘আমি আর কারও পকেটে থাকব না। যত দিন বাঁচব, সম্মান নিয়েই বাঁচব; দালাল হয়ে বাঁচতে চাই না।’গতকাল সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে যুব সংহতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এরশাদ এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল ১৯৮১ সালের ৩১ মে। আর মামলা হয় ১৯৯৫ সালে। ১৯ বছরেও মামলাটির নিষ্পত্তি হচ্ছে না। কারণ, অতীত সরকারের মতো এই সরকার মনে করে, মামলা নিষ্পত্তি হয়ে গেলে এরশাদকে পকেটে রাখা যাবে না।’নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ। তিনি বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। পরিবেশ সৃষ্টি না হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না।এরশাদ আক্ষেপ করে বলেন, ‘আবদুল হামিদ একজন সজ্জন, ভালো মানুষ। স্পিকার হিসেবে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। তাই রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম আমিই প্রথম প্রস্তাব করেছিলাম। অথচ, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ আমার সঙ্গে কোনো আলোচনা করেনি।’ তবে জাতির ক্রান্তিকালে চলমান সংকট উত্তরণে নির্বাচিত রাষ্ট্রপতি আবদুল হামিদ নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক এরশাদ বলেন, পদ্মা সেতু দুর্নীতিতে কে কত ভাগ পেয়েছে, জানা গেছে। কেবল একটি ভাগের কথা জানা যায়নি। তিনি বলেন, ‘সেই টু পার্সেন্ট কার পকেটে যাচ্ছিল, সেটি জাতি জানতে চায়।’হেফাজতের দাবিগুলো সমর্থন করে এরশাদ বলেন, ‘জামায়াতে ইসলামীর কাছ থেকে হেফাজতে ইসলাম টাকা নিয়েছে বলে যারা প্রচার করছে, তারা ইসলামের শত্রু। আমি খোঁজ নিয়ে দেখেছি, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা ডাহা মিথ্যা।’এরশাদ আরও বলেন, ‘বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে শাস্তি হয়। প্রিয় নবী (স.)-এর অবমাননা করলে শাস্তি হবে না, তা হতে পারে না। ইসলামবিরোধীদের শাস্তি দিতে হবে।’যুব সংহতির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদ হাসান চৌধুরী, এস এম এম আলম, মীর আবদুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।