আমি আর নির্বাচন করছি না: মুহিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে গতকাল রোববার সিলেট অঞ্চলের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নবিষয়ক এক বৈঠক শেষে এ কথা জানান ৮২ বছর বয়সী এই রাজনীতিবিদ।
মুহিত বলেন, আগামী সংসদ নির্বাচনে তাঁর আসনে (সিলেট-১) নির্বাচন করবেন তাঁরই ছোট ভাই এ কে আবদুল মোমেন। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজ নির্বাচনী এলাকার দায়িত্বই ঠিকমতো পালন করতে পারছেন না বলে জানান অর্থমন্ত্রী।
সত্যিই কি নির্বাচন করবেন না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমি আর নির্বাচন করছি না। ওখানে মোমেন নির্বাচন করছে।’
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগেও মুহিত সাংবাদিকদের জানিয়েছিলেন যে তিনি আর মন্ত্রী হবেন না, তবে সাংসদ হবেন।
এ কে আবদুল মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে গত বছর দেশে ফিরে আসেন।
অর্থমন্ত্রী বলেন, ‘মোমেন নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। অবশ্য প্রস্তুতি নিলেই তো হবে না, দেখতে হবে যে তাঁর গ্রহণযোগ্যতা কী বা দলে তাঁর অবস্থান কী। তবে এটা ঠিক যে সে মাঠে আছে।’