আমি কারও চরিত্র হরণের পক্ষপাতী নই: মুহিত
‘আমি কারও চরিত্র হরণের পক্ষপাতী নই। জীবনব্যাপীই বিষয়টি আমি মেনে চলেছি।’পদ্মা সেতুর বিষয়ে বিশ্বব্যাংকের দেওয়া প্রতিবেদন প্রকাশ করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন।বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে দেওয়া ই-মেইল সাক্ষাৎকারে বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন চাইলে সরকার প্রকাশ করতে পারে। এই প্রতিবেদন তাঁরা নিজেরা প্রকাশ করবেন না।অর্থমন্ত্রী গতকাল রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) ও ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) আয়োজিত ‘দক্ষিণ এশীয় প্রবৃদ্ধি সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের বেশ কটি চিঠি চালাচালি হয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংককে পাঠানো সরকারের চিঠিগুলোর মধ্যে ছয়টি সম্প্রতি সাংবাদিকদের সরবরাহ করেছিল অর্থ মন্ত্রণালয়।