আমি খেলোয়াড়: নাছির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলায় দুটি দল জিততে পারে না। আমি খেলোয়াড়। জয়-পরাজয় মেনে নেওয়ার অভ্যাস আছে। তবে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন মনজুর আলম। গতকাল মঙ্গলবার সকালে নিজের ভোটদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আ জ ম নাছির উদ্দিন।
বিভিন্ন কেন্দ্র তাঁর লোকজন দখল করেছে, এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের আ জ ম নাছির বলেন, ‘এসব ভিত্তিহীন অভিযোগ। সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো সমস্যা হয়নি।’
পরে বিকেল পাঁচটায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নাছির বলেন, নির্বাচনের ফলাফল যা-ই হোক মেনে নেবেন।
নির্বাচনে কারচুপি ও ভোটকেন্দ্র দখলের যে অভিযোগ বিএনপি করেছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফলাফল হাতে না পাওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কিছু বলবো না।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাছিরের প্রধান নির্বাচনী এজেন্ট মোসলেম উদ্দিন, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন নাসিম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে মোসলেম উদ্দিন বলেন, বিএনপি নির্বাচন বর্জন করলেও জনগণ নির্বাচন বর্জন করেনি।
এজেন্ট কমলালেবুর, হাতের ব্যান্ডে হাতি প্রতীক: মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিন গতকাল সকাল নয়টায় ভোট দেন। কেন্দ্রটির ৫ নম্বর বুথে তিনি ভোট দেন। ওই কক্ষে অন্যান্য কাউন্সিলর প্রার্থীর এজেন্ট ছিল। সেখানে মো. আবদুল করিম নামে একজন নিজেকে কমলালেবুর এজেন্ট দাবি করেন। কিন্তু তাঁর হাতের ব্যান্ডে হাতি প্রতীক। অন্য প্রার্থীর প্রতীকের ব্যান্ডের বিষয়ে তাঁর বক্তব্য, ‘আমরা তো সবাই নাছির ভাইয়ের লোক। কমলার কেউ নেই তো, তাই আমাকে এজেন্ট হতে অনুরোধ করা হয়েছে।’
ব্যালট শেষ: বেলা পৌনে ১২টায় কদমতলী সেন্ট্রাল পাবলিক কলেজ কেন্দ্র থেকে বের হয়ে মো. মোস্তফা নামে এক ভোটার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বলা হচ্ছে মেয়র পদে ব্যালট শেষ। আমার ভোট নাকি হয়ে গেছে। তাই চলে যাচ্ছি।’
অভিযোগ পেয়ে কেন্দ্রটির তৃতীয় তলায় ঢুকে দেখা যায় হাতি প্রতীকের পরিচয়পত্র ঝুলিয়ে আট-দশজন যুবক একটি বুথে সিল মারছেন। বাইরে আরও কয়েক যুবক হাতি প্রতীকের পরিচয়পত্র ঝুলিয়ে পাহারা দিচ্ছেন। সাংবাদিকেরা সেখানে গেলে তাঁরা বলেন, ‘চলে যান আপনারা।’
প্রিসাইডিং কর্মকর্তা কোথায় জানতে চাইলে, ওই যুবকেরা বলেন, ‘চলে যান। কারও সঙ্গে কথা বলার দরকার নাই।’ তবে ওই বুথের বাইরে ও কেন্দ্রে যথারীতি পুলিশ ছিল।