আমি দুঃখিত, লজ্জিত ও ব্যথিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ স ম ফিরোজ
আ স ম ফিরোজ

একাধিক সরকারি বাড়ি ব্যবহারের বিষয়ে আজ রোববার প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে সংসদে বক্তব্য দিয়েছেন সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
আজ শনিবার অধিবেশন শেষের কিছুক্ষণ আগে চিফ হুইপ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে ফ্লোর নিয়ে বলেন, ‘প্রথম আলোতে আজ “এক চিফ হুইপের এত্ত সরকারি বাসা!” শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছে। এতে আমি দুঃখিত, লজ্জিত ও ব্যথিত। প্রথম আলো, ডেইলি স্টার ও যুগান্তর পত্রিকা নির্বাচনের আগে থেকেই আমার সম্পর্কে লিখে যাচ্ছে। এর পরও লিখেছে। কিন্তু কিছুই প্রমাণ করতে পারেনি। এখনো লিখে যাচ্ছে। লিখেছে, আমার নামে চারটি বাসা বরাদ্দ আছে। আসলে কোনোটাই সত্য নয়, অসত্য তথ্য দিয়ে লেখা হয়েছে।’
চিফ হুইপ আরও বলেন, ‘আমার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। সেটা নষ্ট করতে একটি চক্রের চক্রান্তে এসব পত্রিকায় নিউজ প্রকাশিত হচ্ছে। ব্যক্তিগত আক্রোশ নিয়ে লেখা হচ্ছে। যেভাবে রিপোর্টিং করা হয়েছে, তার কোনোটাই সত্য নয়।’
তবে সংসদ সচিবালয়ের চারটি বাসা চিফ হুইপের নামে কোনো এখতিয়ারে বরাদ্দ করা আছে, সে বিষয়ে ফিরোজ কোনো ব্যাখ্যা দেননি।
দশম সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, সাংসদদের বাসায় পরিবারের সদস্য ছাড়া আর বাইরের কেউ থাকতে পারবে না। আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বিষয়েও তিনি কোনো ব্যাখ্যা দেননি।