আমি নই, টেকনাফের সাংবাদিকেরাই ইয়াবা ব্যবসা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি বলেছেন, ‘আমি নই, টেকনাফের সাংবাদিকেরাই ইয়াবা ব্যবসা করছেন। অথচ বিভিন্ন সংবাদমাধ্যমে আমাকে ইয়াবা পাচারের গডফাদার বানানো হচ্ছে।’ সাংসদ বদি শপথ করে বলেন, ‘জীবনে কোনো দিন আমি ইয়াবা ব্যবসা করিনি। আমার পরিবারের কেউ এই হারাম ব্যবসায় জড়িত নয়।’ তাঁকে ইয়াবার গডফাদার হিসেবে চিহ্নিত করার বিষয়ে তিনি বলেন, এটাও সাংবাদিকদের মিথ্যা প্রচার।
গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ সন্মেলনকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় সাংসদ বদি কমিটির উপদেষ্টা হিসেবে এই বক্তব্য দেন। এ সময় স্থানীয় সাংবাদিকেরা তাঁর বক্তব্যের প্রতিবাদ করে সভাস্থল ত্যাগ করেন এবং সভার সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন।
সভায় সাংসদ বদি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ইয়াবা তৈরির ৩৭টি কারখানা আছে মর্মে বিভিন্ন দৈনিকে সাংবাদিকেরা যে তথ্য দিয়েছেন সেটাও মিথ্যা। সাংবাদিকেরা এই তথ্য কোথায় পেয়েছেন? তিনি বলেন, ‘টেকনাফের সাংবাদিকরা ইয়াবা ব্যবসায় জড়িত। অথচ নিজেদের রক্ষার জন্য তাঁরা উল্টো থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেন এবং তাঁদের বদলি করে নিজে ও আত্মীয়স্বজনকে ইয়াবা ব্যবসার সুযোগ তৈরি করে দিচ্ছেন।’
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আজাদ মিয়া, ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন, টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ আলী প্রমুখ।
সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ইয়াবাসংক্রান্ত ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সব প্রতিবেদনে সাংসদ বদিকে ইয়াবার গডফাদার হিসেবে চিহ্নিত করা হয়।
সভায় সাত দিনের মধ্যে কক্সবাজারের ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।