আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনৈতিক ভাবাদর্শে বিশ্বাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বলেছেন, ‘আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভাবাদর্শে বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকেই আমি লেবার পার্টিতে যোগ দিয়েছি।’
রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে গতকাল বুধবার তরুণদের সঙ্গে এক আলাপচারিতায় টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এসব কথা বলেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ শিক্ষক, চিকিৎসক ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে এই বিশেষ আলাপচারিতার আয়োজন করে। খবর বাসসের।
টিউলিপ সিদ্দিক বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আমার নানা শেখ মুজিবুর রহমান এবং খালা শেখ হাসিনার রাজনৈতিক মতাদর্শ খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা দুজনই সাধারণ ও গরিব মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করেছেন। যুক্তরাজ্যে লেবার পার্টির মূলনীতিও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, যা খালা ও নানার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মিলে যায়। তাই আমি লেবার পার্টি করি।’
রাজনীতিকেই কেন বেছে নিলেন—এ প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিক বলেন, ‘ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে সব সময় রাজনীতির আলোচনা শুনেছি। আমার দাদা-দাদিও অত্যন্ত রাজনীতিসচেতন এবং নারীবাদী ছিলেন। আমার নয়-দশ বছর বয়সে আমার বাবার খুব অসুখ হলো। তখন লন্ডনের ন্যাশনাল হেলথ সার্ভিস আমার বাবার চিকিৎসা করে তাঁকে সুস্থ করে তোলে। যেখানে বলা হয়েছিল, আমার বাবা আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবেন না, সেই বাবা দিব্যি অধ্যাপনা করতে লাগলেন। সে সময় লন্ডনের চিকিৎসাব্যবস্থায় মুগ্ধ হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার লক্ষ্যেই নিজেকে রাজনীতিতে জড়ানোর সিদ্ধান্ত নিই। ১২ বছর বয়স থেকেই লেবার পার্টির কাজের সঙ্গে যুক্ত হই। সে দেশের নিয়ম অনুযায়ী ১৬ বছর বয়সে লেবার পার্টিতে যোগ দিই।’
টিউলিপ সিদ্দিক বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি যে যুক্তরাজ্যের এমপি হব, কিন্তু আমি হয়েছি। একজন ব্রিটিশ বাঙালি মুসলিম নারী হিসেবে সব রকম প্রতিবন্ধকতাই আমাকে মোকাবিলা করতে হয়েছে। কিন্তু আমি সব সময় চেষ্টা করেছি নিজের এলাকার মানুষের জন্য কাজ করার। সে যত ছোট সমস্যাই হোক না কেন, তা সমাধানের চেষ্টা করেছি। আমি আমার রাজনীতিতে তরুণদের অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তাদের জন্য পলিসি তৈরি করেছি। সেটাই হয়তো আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছে।’
রাজনীতির শিক্ষা কোথায় পেলেন—এমন প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, ‘আমার মা এবং খালার কাছ থেকে। রাজনীতি করতে গেলে সবার আগে ধৈর্য দরকার। আমি খালার কাছ থেকে সেটা শিখেছি। আরও একটা বিষয় তাঁরা আমাকে শিখিয়েছেন, সেটা হলো বিনয়ী হওয়া। তাঁরা সব সময় বলেন, তুমি যত বড়ই হও না কেন, কখনো অহংকার কোরো না। অন্যের কথা শোনো। অন্যকে গুরুত্ব দাও। এটি রাজনীতির ক্ষেত্রে খুব জরুরি।’