আমি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বন্ধু মহাসমাবেশ ২০১০। গাজীপুর মৌচাক থেকে তোলা l ফাইল ছবি
জাতীয় বন্ধু মহাসমাবেশ ২০১০। গাজীপুর মৌচাক থেকে তোলা l ফাইল ছবি

আইলা ও সিডরে লন্ডভন্ড হয়ে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল। বলছি ২০০৭ সালের কথা। ঘটনা ঘটেছে গভীর রাত থেকে।
পরদিন প্রকৃতি শান্ত। কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের।
সেই দিন থেকেই আমাদের প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা ঝাঁপিয়ে পড়েন ত্রাণকাজে। সিডরের করুণ চিত্রের কথা লিখতে লিখতে আমাদের পত্রিকার সাংবাদিকেরাও হাত লাগান এই কাজে। এক হাতে কলম, আরেক হাতে ত্রাণসামগ্রী।
ওই অঞ্চলে আড়াই মাস ধরে চলে ত্রাণকাজ, রাস্তাঘাট নির্মাণ, কত কী।
পিরোজপুর শহরে বন্ধুসভার বন্ধুরা বিলি করছেন ত্রাণের স্লিপ। পরদিন বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করবেন বন্ধুরা। স্লিপ বিতরণ করতে করতে এক বাড়িতে যান বন্ধুরা। সেই বাড়ির ঘরের চাল উড়ে গেছে। হঠাৎ এক বন্ধু বলেন, ‘আরে, এটা তো আমাদের পিরোজপুর বন্ধুসভার শামীমদের বাড়ি।’ এ কথা শুনে বাকি বন্ধুরা পরস্পরের দিকে মুখ চাওয়াচাওয়ি করেন। কাজ শেষে তাঁরা ফিরে আসেন ত্রাণকাজের অফিসে। সেখানে পাওয়া যায় তাঁকে। তাঁকে জিজ্ঞেস করেন, ‘তোদের বাড়ির তো ক্ষতি হয়েছে, সে কথা তো আগে বলিসনি। তাহলে তো আগেই চাল-ডাল পৌঁছে দেওয়া যেত।’
শামীম জবাব দেন, ‘দিলে তো ভালো হতো। খাওয়াদাওয়ার বেশ কষ্টই যাচ্ছে আমাদের। ঘরে চাল-ডাল নেই। কিন্তু আমি আমার কথা কীভাবে বলি। আমি তো বন্ধুসভা করি। আমাদের চেয়ে তো অনেক পরিবারের অবস্থা বেশি করুণ!’
এমন অনেক সত্যি গল্প ছড়িয়ে আছে দেশজুড়ে। প্রথম আলো প্রকাশিত হওয়ার আগেই জন্ম হয়েছে এর পাঠক সংগঠন প্রথম আলো বন্ধুসভার। সাংগঠনিক কাজও শুরু হয়েছে প্রথম আলো প্রকাশিত হওয়ার আগে। সেই থেকে আজ অবধি সারা দেশে এমন অসংখ্য ঘটনার জন্ম দিয়েছেন বন্ধুসভার লাখো সদস্য।
আরও একটি ঘটনার কথা বলি। এক ভদ্রলোক রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। আমাদের এক নারী সদস্য তাঁর সামনে দাঁড়িয়ে বিনম্রভাবে বললেন, ‘আপনি যা করছেন, তা তো অন্যায়। প্রকাশ্যে এভাবে সিগারেট খাওয়া বেআইনি।’ কথা শুনে ভদ্রলোকের মেজাজ তিরিক্ষি হয়ে ওঠে। এ নিয়ে তর্ক শুরু হয়। তর্কে হেরে যান ভদ্রলোক। এমন কত প্রতিবাদে-প্রতিরোধে মানববন্ধনে দাঁড়িয়ে যান বন্ধুরা।
ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার এক বন্ধু গৃহশিক্ষকতা করেন। তিনি কয়েক দিন ধরেই লক্ষ করছিলেন বাড়ির শিশু গৃহপরিচারিকা আড়ালে বসে তাঁর পড়ানো দেখে এবং তা শোনে। বাড়ির শিশুটির মতো সেও লেখাপড়া শেখার চেষ্টা করে।
গৃহশিক্ষক বন্ধু ঘটনা জানান অন্য বন্ধুদের। এ ঘটনা শুনে তাঁরা কি আর বসে থাকতে পারেন! তাঁরা রওনা দেন সেই বাড়ির উদ্দেশে।
বাড়ির গৃহকর্ত্রীকে বলেন ঘটনাটা। তিনিও বলেন, ‘হ্যাঁ, ব্যাপারটা তো আমিও লক্ষ করেছি।’
বন্ধুরা বলেন, ‘আমরা আপনার কাছে একটি আবদার নিয়ে এসেছি। ওকে আমরা স্কুলে ভর্তি করিয়ে দিতে চাই।’ ‘কিন্তু...?’ গৃহকর্ত্রীর প্রশ্ন।
‘না, কোনো কিন্তু বলবেন না, প্লিজ।’
মেয়েটা ভর্তি হয়ে গেল স্কুলে।
মেয়েটি এখনো সেই বাড়িতে কাজ করে। স্কুলেও যায়।
কত ঘটনার কথা বলব? সব কি আর বলা যায়? বন্ধুরা কাজ করে যাচ্ছেন নীরবে-নিভৃতে। নীরব কাজের কথা একদিন সরব হয়ে উঠল। একদিন সারা দেশ জেনে গেল প্রথম আলোর চরের কথা। কুড়িগ্রামসভার বন্ধুরা গোপনেই করে যাচ্ছিলেন কাজটি। একটি চর এলাকায় বছরের পর বছর ধরে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন। তীব্র শীতে চরের মানুষের কাছে তাঁরা গেছেন উষ্ণতা নিয়ে। বন্যার্তদের পাশে দাঁড়ান ত্রাণ নিয়ে। চরের মানুষেরা জিজ্ঞেস করেন,
‘কী বাহে, ভোটোত দাঁড়াইবেন নাকি?’ জানতে চান, তাঁদের জন্য এত করা হচ্ছে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি না।
দ্রুতই তাঁদের ভুল ভাঙে। তাঁরা নির্বাচন করার লোক নন। প্রথম আলো বন্ধুসভাকে ভালোবেসে তাদের চরের নাম দেন প্রথম আলোর চর।
শুরু থেকে যাঁরা বন্ধুসভা করতেন, এখনো যাঁরা বন্ধুসভা করেন, তাঁরা কত জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছেন। আছেন দেশের বাইরেও। আছেন সরকারি-বেসরকারি কত বড় বড় পদে। আছেন মানুষের বিপদে-আপদে। আছেন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে।
আজ তাঁদের মধ্য থেকে পাঁচ শ বন্ধু উপস্থিত হচ্ছেন ঢাকায় বন্ধুসভা জাতীয় সম্মেলনে। আসছেন বর্তমানে যাঁরা নেতৃত্বে আছেন। আজ তাঁদের হৃদয় থেকে উচ্চারিত শব্দ ‘আমি বাংলাদেশ’।