আমি ভালো আছি: এরশাদ

ভালো আছেন বলে আজ বৃহস্পতিবার সকালে দলীয় নেতা-কর্মীদের আশ্বস্ত করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে দেখা করে বের হয়ে যাওয়ার পরপরই পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্ক ঘিরে অবস্থান নেন।
এ পরিস্থিতিতে রাত সাড়ে ১১টার দিকে এরশাদ বাসার নিচতলায় এসে সাংবাদিকদের বলেন, তিনি চারটা পিস্তল ‘লোড’ করে রেখেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করলে আত্মহত্যা করবেন। তিনি বলেন, ‘র্যাব-পুলিশ আমার গায়ে হাত দেওয়ার আগে আমি মরে যাব। সরকারকে বলে দিয়েছি, কোনো চালাকি করলে চারটা পিস্তল আছে, আমার কাছে যাওয়ার আগেই এগুলো দিয়ে আমি সুইসাইড করব। দিস ইজ মাই প্রমিজ।’
তখন থেকে এরশাদের বাড়ির আশপাশে অবস্থান নেন দলের অনেক নেতা-কর্মী। তাঁরা সারা রাত সেখানে ছিলেন। আজ সকালে এরশাদ নিচে নেমে আসেন। নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘তোমরা বাড়ি ফিরে যাও। আমি ভালো আছি।’
এরশাদের বাড়ির চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো মোতায়েন রয়েছেন।
গত মঙ্গলবার এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আত্মগোপনে যান। ২৬ ঘণ্টা পর গতকাল নিজ বাসায় ফিরে তিনি ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার ছাড়ার ঘোষণা দেন।