আমি ভালো, সবাইকে ভালো মনে করি: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমি নিজে ব্যক্তিগতভাবে ভালো। যেহেতু আমি নিজে ভালো, তাই সবাইকে ভালো মনে করি।’

আজ বৃহস্পতিবার ‘বাংলাদেশের প্রেক্ষিতে টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬: শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার ও সুশাসন’ শীর্ষক এক সংলাপে তিনি দুর্নীতির বিষয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ মহাখালীর ব্র্যাক সেন্টারে এ সংলাপের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, হোসেন জিল্লুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, নিজেরা করির সমন্বয়ক খুশি কবির আলোচক হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক দেবপ্রিয় ভট্টাচার্য।

অনুষ্ঠানে বেশির ভাগ বক্তা দুর্নীতি ও সুশাসনের ঘাটতি নিয়ে কথা বলেন। হোসেন জিল্লুর রহমান বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ৫০ শতাংশ বরাদ্দ পান সাংসদেরা। সেখানে কোনো জবাবদিহি থাকে না। এর মাধ্যমে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে।

নিজের প্রায় আধা ঘণ্টার বক্তব্যে মুস্তফা কামাল বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় যান, সেখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। গিয়ে দেখেন চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয় কি না, টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) নামে দুর্নীতি হয় কি না, কাউকে হয়রানি করে টাকা নেওয়া হয় কি না। এটা নির্ভর করে ব্যক্তিবিশেষের ওপরে।’

হোসেন জিল্লুরের বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, ‘টিআর ও কাবিখায় আমরা যে গম পাই, তার ৫০ শতাংশ চলে যায় সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য।’