পুরুষের সঙ্গে সমানতালে নারীরা এগিয়ে আসতে পারেনি: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী কমিটি আয়োজিত গণমাধ্যম ও নারীবিষয়ক আলোচনা সভায় আজ মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: ফোকাস বাংলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী কমিটি আয়োজিত গণমাধ্যম ও নারীবিষয়ক আলোচনা সভায় আজ মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: ফোকাস বাংলা

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এখন পর্যন্ত পুরুষের সঙ্গে সমানতালে সব জায়গায় নারীরা এগিয়ে আসতে পারেনি। যথেষ্ট সংখ্যক নারীর উপস্থিতি নেই। নারীরা পিছিয়ে আছে বলেই নারীর জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। আর এ কারণেই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রয়োজন। সে ধরনের অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি যে সব নারী সরাসরি নির্বাচনে জয়ী হতে পারবেন।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী কমিটি আয়োজিত গণমাধ্যম ও নারীবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, নারীর বিষয়টি সেভাবে মূলধারায় সম্পৃক্ত হয়নি। নারীর বেলায় ভাবা হয়, একটি ক্ষুদ্রঋণ দিয়ে দিলেই উদ্যোক্তা হয়ে যাবে। অথচ নারীকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার কথা চিন্তা করা হয় না।
গণমাধ্যম ও নারী প্রসঙ্গে স্পিকার বলেন, কঠিন পেশা হিসেবে গণমাধ্যমে নারীর যে উপস্থিতি, তা ঈর্ষণীয়। এ পেশার নারীরা যে ধরনের পরিবেশে কাজ করছেন তাকে সংকটময় বলা যাবে না। অন্যান্য পেশার মতো এ পেশায়ও নারীদের বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। কর্মক্ষেত্রে নারীদের ধরে রাখতে বেসরকারি খাতেও মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা, কর্মঘণ্টা কমিয়ে আনাসহ বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কর্মক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার জন্য পুরুষের মতোই নারীর জন্য সব পথ উন্মুক্ত রাখতে হবে। রাতের বেলা বা অন্য সময় নারীকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া যাবে না, তা নয়। পুরুষ যেভাবে কাজটি করবেন, নারীও সেভাবেই করবেন, শুধু নারীর বেলায় নিরাপত্তা বা যাতায়াতের ব্যবস্থা করাসহ একটু বেশি পদক্ষেপ নিলেই হয়ে যাচ্ছে।
স্পিকার বলেন, ‘আমি নারী তা নিয়ে আমি গর্বিত। আমি মা তা নিয়েও গর্বিত। তবে শুধু নারী হিসেবে কেউ বৈষম্য করলে তাতে অবশ্যই আপত্তি আছে।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সাংবাদিকতাকে চ্যালেঞ্জিং পেশা হিসেবে উল্লেখ করে বলেন, এ পেশায় কাজ করার জন্য পরিবার ও কর্মক্ষেত্র থেকে নারীদের সহায়তা করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে দেশে ১৩০০ মানুষের জন্য আছে মাত্র একজন পুলিশ। ঘরে ঘরে নারীরা নির্যাতনের শিকার হলে সরকার সবকিছু দেখতে পারবে না। তবে আইন প্রণয়নসহ বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।
পুরুষ পশু নয়, মানুষ, তবে কিছু কিছু পুরুষের মধ্যে পশুত্ব প্রকাশ পায়, উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যুদ্ধ পশুর সঙ্গে, পুরুষের বিরুদ্ধে নয়।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারীবিষয়ক সম্পাদক সুমী খান। গণমাধ্যমে নারীদের অবস্থান তুলে ধরেন সাংবাদিক নাদিরা কিরণ। সাংসদ ওয়াশিকা আয়শা খান ও রিপোর্টার্স ইউনিটির একাধিক সদস্য সভায় বক্তব্য দেন।