আমি শপথ করিতেছি যে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

'আমি শপথ করিতেছি যে, বিনা প্রয়োজনে আমি ঘর থেকে বের হব না। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেওয়া বিধিনিষেধ পালন করব। যদি আমি আইনের ব্যত্যয় ঘটাই তাহলে যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নেব।'

অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরায় করায় বেশ কয়েকজনকে আটক করে এই শপথ বাক্য পাঠ করিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আজ শনিবার চট্টগ্রাম নগরের ফইল্যাতলি বাজার এলাকায় এই ব্যাতিক্রমী শাস্তি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক প্রথম আলোকে বলেন, অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় ১২০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে জরিমানা করা হয়। বাকি ৫০ জন নিম্নবিত্ত মানুষ হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। অন্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।


প্রশাসন সূত্র জানায়, আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আরও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালান। আদেশ অমান্য করে ঘর থেকে বিনা প্রয়োজনে বের হওয়ায় এবং অপ্রয়োজনীয় দোকান ও প্রতিষ্ঠান খোলা রাখায় সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৬ মামলায় ৯৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।