‘এ রায় মানি না, আমি সাঈদীর ফাঁসি চাই। আমার স্বামীর খুনিদেরও ফাঁসি চাই’—আপিল বিভাগের দেওয়া রায়ের পর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী নিহত মোস্তফা হাওলাদারের স্ত্রী হাসিনা বেগমের প্রতিক্রিয়া ছিল এটি। গতকাল বুধবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাড়িতে গিয়ে এই প্রতিবেদক কথা বলেন তাঁর সঙ্গে।
ক্ষোভ প্রকাশ করে হাসিনা বেগম বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে তিনি (মোস্তফা) খুন হলেন। অথচ গত নয় মাসে কেউ এতিম সন্তানদের খবর নিল না। সরকার বাড়িতে শুধু পুলিশ পাহারার ব্যবস্থা করেছে।
মোস্তফা হাওলাদার (৬০) সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন। দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে গত বছরের ৯ ডিসেম্বর মারা যান তিনি।
হাসিনা বেগম অভিযোগ করেন, মোস্তফা হত্যার আসামিরা তাঁর ছোট ছেলে হাফিজুলকেও (১৮) হত্যার হুমকি দিচ্ছে। এ কারণে তাঁকে পুলিশ পাহারায় চলাচল করতে হচ্ছে। তিনি বলেন, রায় দেওয়ার আগে গত মঙ্গলবার বিকেলে হাফিজুলকে নিরাপত্তার জন্য পুলিশ হেফাজতে নিয়ে রাখা হয়। তিনি বলেন, মোস্তফাই ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁকে হত্যার পর তিন মেয়ে ও দুই ছেলে নিয়ে কষ্টে দিন কাটছে তাঁর। কেউ তাঁদের পাশে নেই।
হাসিনা বেগম বলেন, স্বামী নিহত হওয়ার পর হাফিজুল পাড়েরহাট বন্দরে চায়ের দোকান দিয়েছে। ওর আয়েই কোনো রকমে সংসার চলছে। কিন্তু গতকাল দোকান বন্ধ থাকায় তাঁদের বাজার করা হয়নি।