আমি সৎ ব্যবসায়ী, আদালতে বদি

নিজেকে সৎ ব্যবসায়ী দাবি করেছেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি। আদালতে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সাংসদ বলেন, তিনি নির্দোষ। জ্ঞাত আয়বহির্ভূত কোনো সম্পদ তিনি অর্জন করেননি। ঋণখেলাপি নন। সৎভাবে ব্যবসা করে তিনি জীবিকা নির্বাহ করেন। দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থন করে ঢাকার বিশেষ জজ-৩ আদালতে মামলার আসামি হিসেবে সাংসদ বদি এসব বক্তব্য দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি কবির হোসাইন প্রথম আলোকে বলেন, আজ আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল। মামলার আসামি সাংসদ বদি নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য উপস্থাপন করেন। আগামী ২০ জুলাই মামলার যুক্তিতর্কের শুনানির জন্য দিন ধার্য করেছেন ওই আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।
গত বছরের ৮ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগরে সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
দুদকের আইনজীবী কবির হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে আবদুর রহমানের সম্পদের পরিমাণ ছিল ৪৯ লাখ ৭৯ হাজার টাকার। ২০১৩ সালে তিনি যে আয়কর বিবরণী দাখিল করেন, তাতে দেখা যায়, তাঁর সম্পদের পরিমাণ ১৬ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকার। দুদক গত বছরের ২৩ ফেব্রুয়ারি সম্পদের বিবরণী চেয়ে আবদুর রহমানকে নোটিশ দেয়। নোটিশ পাওয়ার পর গত বছরের ২০ মার্চ ৫ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫৮৩ টাকার সম্পদের বিবরণী দাখিল করেন। বাকি ১০ কোটি ৮৬ লাখ টাকার তথ্য তিনি গোপন করেন।
মামলার এজাহারে বলা হয়, আবদুর রহমান জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দেন। দুদকের অনুসন্ধানে দেখা যায়, অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে। এ অভিযোগে দুদক ২০১৪ সালের ২১ আগস্ট এ মামলা করে। গত বছরের বছরের ৭ মে আবদুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।