আমি হল-মার্ক কেলেঙ্কারিতে জড়িত নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন সোনালী ব্যাংকের সাবেক পরিচালক সাইমুম সরওয়ার ওরফে কমল।গতকাল শনিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক এপ্রিল মাসে টাকা দেওয়ার কথা বললেও মার্চের পরে তাঁদের কোনো ফাইলই ব্যাংকে যায়নি। চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সাইমুম সরওয়ার বলেন, ‘দুর্নীতি ধরা পড়েছে ২২ মে। সোনালী ব্যাংকের পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকের অগোচরে হলমার্ক গত দেড় বছরে যে দুর্নীতি করেছে, তা ধরা পড়ার আগে কেন এপ্রিল মাসে শুধু শুধু পর্ষদের জন্য টাকা দেবে, তা প্রশ্ন থেকে যায়।’ সংবাদ সম্মেলন চলাকালে সাইমুম সরওয়ারের সঙ্গে কক্সবাজার এলাকার স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন। সাইমুম সরওয়ার-সংক্রান্ত সংবাদটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ গত ১৮ অক্টোবর একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেই জবানবন্দিতেই হল-মার্কের কাছে ঘুষ হিসেবে অর্থ নেওয়ার বিস্তারিত বিবরণ আছে। জবানবন্দি অনুসারেই সংবাদটি প্রকাশ করা হয়েছিল।