আমি ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, তাঁর এখন আর রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই। কারণ তিনি এখন দলমত-নির্বিশেষে ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি।
চার দিনের হাওর ভ্রমণের তৃতীয় দিনে আজ শুক্রবার মিঠামইন থেকে নৌযানে বিকেল সাড়ে পাঁচটায় ইটনায় পৌঁছান রাষ্ট্রপতি। সেখানকার ডাকবাংলো মাঠে এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আমার সারা জীবনের রাজনীতি ছিল হাওরের মানুষকে নিয়ে। এখান থেকে রাজনীতি করে আজ রাষ্ট্রপতি হয়েছি। কিন্তু এখন আর রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই। কারণ আমি দলমত-নির্বিশেষে ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি। এখন কিছু বলতে হলে বিভিন্ন সময় বিবৃতির মাধ্যমে বলার চেষ্টা করি। তবে হাওরের মানুষ আমার হৃদয়ের বিশেষ জায়গায় স্থান করে আছে।’
এবার হজে যাওয়ার কথা জানিয়ে এলাকাবাসীর কাছে রাষ্ট্রপতি দোয়া চান এবং তিনিও সবার জন্য দোয়া করবেন বলে জানান। হজ থেকে সুস্থভাবে ফিরতে পারলে আবার হাওরবাসীর কাছে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই কদিন হাওরের বিশালতা আর পানির উথাল-পাতাল ঢেউয়ের মধ্যে থেকেও তিনি ভালো ছিলেন বলে জানান।
এর আগে দুপুরে রাষ্ট্রপতি মিঠামইন থেকে ইটনার উদ্দেশে রওয়ানা হন। নৌপথে ইটনায় যাবেন রাষ্ট্রপতি, এমন খবর জানা ছিল হাওরের বুক চিরে গড়ে ওঠা গুচ্ছগ্রামের বাসিন্দাদের। দুপুরের পর থেকে হাওরপাড়ের এ সন্তানকে দেখার জন্য গুচ্ছগ্রামের বাসিন্দাদের ভিড় ছিল। নৌপথে চাঁদাবাজি বন্ধ, জল যার জলা তার নীতির বাস্তবায়ন ও নদীভাঙনের হাত থেকে ক্ষার দাবি ছিল পথে পথে। নৌকায় করে ব্যানারের মাধ্যমে হাওরবাসী তাদের দাবিগুলো রাষ্ট্রপতির নজরে আনার চেষ্টা করে। নৌযানটি কোথাও বিরতি না দিলেও রাষ্ট্রপতি হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান। সন্ধ্যার পর তিনি কাছের মানুষের সঙ্গে সময় কাটান।
আজ ইটনায় রাত্রিযাপন করে কাল শনিবার করিমগঞ্জের চামড়া বন্দর হয়ে সড়কপথে কিশোরগঞ্জ শহরের নিজ বাসায় উঠবেন রাষ্ট্রপতি। সেখানে রাত যাপনের পর রোববার দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
রাষ্ট্রপতি কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসন থেকে সাতবারের নির্বাচিত সাংসদ। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি এই নিয়ে চারবার হাওর এলাকায় এলেন।