আমি ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘আমার সারা জীবনের রাজনীতি ছিল হাওরের মানুষকে নিয়ে। এখান থেকে রাজনীতি করে আজ রাষ্ট্রপতি হয়েছি। কিন্তু এখন আর রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই। কারণ, আমি দল-মতনির্বিশেষে ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি। এখন কিছু বলতে হলে বিভিন্ন সময় বিবৃতির মাধ্যমে বলার চেষ্টা করি। তবে হাওরের মানুষ আমার হৃদয়ের বিশেষ জায়গায় স্থান করে আছে।’
হাওর ভ্রমণের তৃতীয় দিনে ইটনা ডাকবাংলো মাঠে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল শুক্রবার এসব কথা বলেন। এদিন মিঠামইন থেকে নৌযানে করে বিকেল সাড়ে পাঁচটায় ইটনায় পৌঁছেন তিনি। এবার হজে যাওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সুস্থভাবে ফিরতে পারলে আবার হাওরবাসীর কাছে ফিরে আসবেন। এই কয় দিন হাওরের বিশালতা আর পানির উথাল-পাতাল ঢেউয়ের মধ্যে থেকে ভালো ছিলেন বলে জানান।
ইটনায় রাত যাপন করে আজ শনিবার করিমগঞ্জের বন্দর হয়ে সড়কপথে তিনি কিশোরগঞ্জ শহরের নিজ বাসায় উঠবেন। রাতে সেখানে থেকে কাল দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।