আমিও আছি

আলোচনা
আব্দুল কাইয়ুম
আজকের আলোচনার মূল বিষয় বিবাহিত মেয়েশিশুদের জীবনমানের উন্নয়ন। বিশ্ব নারী দিবসকে সামনে রেখে বিবাহিত মেয়েশিশুদের সমস্যাগুলোকে গুরুত্ব দিতে চাই। আমরা কেউ শিশুবিবাহ চাই না। তারপরও দেশে অনেক শিশু-কিশোরীকে অপরিণত বয়সে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরপরই পরিবারের চাপে তারা সন্তান নিতে বাধ্য হয়।
যে বয়সে একটি শিশুর স্কুলে যাওয়া বা খেলাধুলা করার কথা, সেই বয়সে তাকে একজন পূর্ণ নারীর মতো দায়িত্ব নিতে হচ্ছে। অপরিণত বয়সে বিয়ে ও বাচ্চা নেওয়ার ফলে এই শিশুরা শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আলোচনায় এসব বিষয় আসবে। এখন ইমেজ প্রকল্প সম্পর্কে বলবেন ফারহানা জেসমিন হাসান।

ফারহানা জেসমিন হাসান
ইমেজ প্রকল্প হলো বিবাহিত কিশোরীদের ক্ষমতায়নের উদ্যোগ। বাংলাদেশে প্রতি তিনজন কিশোরীর দুজনের বাল্যবিবাহ হয়। ১৮ বছরের আগেই এদের এক-তৃতীয়াংশ গর্ভধারণ করে। কিশোরী-মায়েদের সন্তান জন্মদানের সময় মৃত্যুঝুঁকি স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ।
২০ বছরের আগে যাদের সন্তান হয় তাদের শিশুমৃত্যুর হার ৫০ শতাংশের বেশি। কাজেই বিবাহিত শিশুদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের স্বাস্থ্য, শিক্ষা, সন্তান পরিচর্যাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতার অভাব রয়েছে।
ইমেজ প্রকল্পের উদ্দেশ্য বিবাহিত কিশোরীদের প্রয়োজনীয় যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে ধারণা দেওয়া ও তাদের ক্ষমতায়নের জন্য চেষ্টা করা। সেবাপ্রাপ্তি নিশ্চিত করা। যৌন ও প্রজননস্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা। তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নাগরিক সমাজকে সম্পৃক্ত করা। আমরা চাই সুশীল সমাজ যেন বিবাহিত শিশুদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করে।
এ প্রকল্পের অর্থায়নে রয়েছে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস। মূল সংস্থা হিসেবে কাজ করছে টেরে ডেস হোমস নেদারল্যান্ডস এবং কৌশলগত সহযোগী রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস। স্থানীয় পর্যায়ে নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে কাজ করছে পল্লীশ্রী এসকেএস ফাউন্ডেশন ও টেরে ডেস হোমস ফাউন্ডেশন। এই তিনটি জেলার তিনটি ইউনিয়নে প্রায় চার হাজার পাঁচ শ বিবাহিত কিশোরীকে নিয়ে ইমেজ কাজ করছে।
বিবাহিত মেয়েশিশুর স্বামী, শ্বশুর, শাশুড়ি, সুশীল সমাজ, স্থানীয় সরকার ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মী সবাইকে সম্পৃক্ত করে আমরা বিবাহিত মেয়েশিশুদের জীবনমানের উন্নয়ন ঘটাতে চাই।

দীপ্তি রানী
আমি গাইবান্ধা থেকে এসেছি। ইমেজ প্রকল্প থেকে সুবিধা গ্রহণ করেছি। আমার যখন বিয়ে হয় তখন বয়স ছিল ১৪ বছর। বিয়েতে রাজি ছিলাম না। আমার বাবা নেই। মাকে বিয়ে না করার কথা বলতাম, তখন ভাইয়েরা বিয়ে দেওয়ার জন্য মায়ের প্রতি চাপ সৃষ্টি করত। বলত যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে? এভাবে আমার বিয়ে হয়।
এখন আমার বয়স ১৮ বছর। একটি কন্যাসন্তান আছে। ইমেজ প্রকল্প আমাদের এলাকায় যায়। প্রথমে আমাদের স্বামীদের নিয়ে আলোচনা করে। পরে আমাদের সঙ্গে আলোচনা করে এবং আমােদর শাশুড়ি ও ননদের সেঙ্গ কথা বলে ও প্রশিক্ষণ দেয়। বিয়ের আগে আমরা কেমন ছিলাম, এখন আমাদের কী কী সমস্যা হচ্ছে—সবই তাদের বলি। এখন আমাদের স্বামীদের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। তাঁরা এখন মোটামুটি আমাদের সুযোগ-সুবিধা দেখেন।
অল্প বয়সে বিয়ে হওয়ায় আমার সবকিছু থেমে আছে। বাবা-মায়ের পরিবারের প্রতি আমার একটা ঘৃণা তৈরি হয়েছে। বিয়ে না হলে জীবনটা অন্য রকমও হতে পারত। বান্ধবীদের সঙ্গে খেলাধুলা, ঘুরে বেড়ানো, স্কুলে যাওয়ার স্বপ্নগুলো এখনো চোখে ভাসে।
মেয়েশিশুদের বলব, তোমরা অল্প বয়সে বিয়ে কোরো না। অভিভাবকদের বলব, তাঁরা যেন কোনোভাবেই অল্প বয়সে মেয়েদের বিয়ে না দেন।

ওবায়দুর রব
দেশে প্রতিবছর প্রায় ১০ লাখ বিয়ে হয়। এর মধ্যে প্রায় অর্ধেকের বিয়ে হয় ১৫ থেকে ১৯ বছর বয়সে। বছরে কম-বেশি প্রায় ৩০ লাখ সন্তান জন্মগ্রহণ করে। এই যখন অবস্থা তখন বিচ্ছিন্নভাবে কোথাও কিছু কাজ করলে খুব একটা পরিবর্তন আসবে বলে মনে হয় না।
গত ২০ বছরে শিশুবিবাহের হার মোটেই কমেনি। অ্যাডেলসেন্ট ফার্টিলিটি কমেনি। শিশুবিবাহ কমাতে হলে প্রথমে শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। প্রতিবছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ। ১৫ বছর আগে যে ৩০ লাখ শিশু জন্ম নিয়েছিল তার ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থী। আর ১৫ লাখ ঝরে পড়েছে। এদের অধিকাংশই মেয়েশিশু। প্রতিবছর এদের শিশুবিবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে।
বিবাহিত কিশোরীদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যা অনেক বেশি। ২০৩৫-৪০ সালে আমাদের দেশে শিশুর জন্ম ও মৃত্যুর হার হয়তো সমান হবে। এখন জন্ম হয় ৩০ লাখ, মারা যায় ১২ লাখ। গড়ে প্রতিবছর ১৮ লাখ মানুষ দেশে বাড়ছে। ২৫ বছরের নারীদের সেবা দেওয়ার পদ্ধতি আর কিশোরীদের সেবা দেওয়ার পদ্ধতি এক হবে না। গতানুগতিক পদ্ধতিতে সেবা দিলে এরা উপকৃত হবে না। এদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।
বিবাহিত শিশুদের ১৭ বছরের মধ্যে প্রথম বাচ্চা হয়ে যায়। স্কুলগুলোতে ১২ ক্লাস পর্যন্ত পড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এটা করতে পারলে সত্যিকারভাবে শিশুবিবাহ অনেক কমে যাবে।
আবার, গত বছর যেসব মেয়ে এসএসসি পাস করেছে তাদের কতজন কলেজে গেছে? বাকিরা তো ঘরে বসে থাকবে না, বাবা-মা তাদের বিয়ে দিয়ে দেবেন। ফলে মেয়েদের শিক্ষার আওতায় না আনতে পারলে বাল্যবিবাহ কমবে না।

অর্ণব চক্রবর্তী
আমরা সবাই শিশুবিবাহ বন্ধ করতে চাই, তাতে কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রীও বলেছেন ২০৪১ সালের মধ্যে শিশুবিবাহ বন্ধ হবে। সে জন্য ২০৪১ সাল পর্যন্ত শিশুবিবাহ থেমে থাকবে না। এ সময়ের মধ্যে যেসব শিশুর বিয়ে হবে, তাদের কথা ভাবতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। কাজ করতে গিয়ে দেখলাম তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিয়ের পর এক বছরের মাথায় সন্তান নেওয়ার চাপ রয়েছে। তাই বিবাহিত মেয়েশিশুদের যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়ে কীভাবে কাজ করা যায়, এ বিষয়টাকে কীভাবে টেবিলে আনা যায়, নীতিনির্ধারণী পর্যায়ে আনা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। এরই ধারাবাহিকতা হিসেবে আজকের এই গোলটেবিল।
২০২১ সালে বাংলাদেশ একটা মধ্য আয়ের দেশ হবে। এই লাখ লাখ মেয়েকে পেছনে রেখে আমরা মধ্য আয়ের দেশ হতে পারব না। আজকের গোলটেবিল বৈঠকে সরকারের যেসব প্রতিনিধি আছেন, তাঁদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। কোনো এনজিওর একার পক্ষে এ বিশাল কাজ করা সম্ভব না।

রাবেয়া খাতুন
আমরা পলিসি ও গাইডলাইন তৈরিতে সরকারকে সহায়তা করে থাকি। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের কিছু কাজ দেওয়া হয়, দেশের পরিপ্রেক্ষিতে সে কাজ করি।
অ্যাডেলসেন্টদের নিয়ে আমরা কাজ করি। দেশে অ্যাডেলসেন্ট-বান্ধব স্বাস্থ্যসেবার খুবই অভাব। আমাদের প্রধানমন্ত্রীও চান অ্যাডেলসেন্টরা ভালো স্বাস্থ্যসেবা পাক। ২০১০ সালে এমডিজি সামিটে আমরা বলেছি, এক-তৃতীয়াংশ স্বাস্থ্যসেবার সুযোগ যেন অ্যাডেলসেন্ট-বান্ধব হয়। সে অনুযায়ী কিছু জেলাতে অ্যাডেলসেন্ট-বান্ধব কর্নার করা হয়েছে।
এ লক্ষ্যকে সামনে রেখে অ্যাডেলসেন্টদের জন্য নতুন করে স্বাস্থ্যসেবা পরিকল্পনা করেছি। সরকারি-বেসরকারি পর্যায়ে এ জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা জানি, একটা শিশু আরেকটি শিশুর জন্ম দিতে গিয়ে দুজনের জন্য ঝুঁকি তৈরি করে।
শিশুমৃত্যুর একটা অন্যতম কারণ হচ্ছে অপরিণত শিশুর জন্ম। কিশোরীদের অপরিণত শিশু জন্ম দেওয়ার প্রবণতা অনেক বেশি। তাই তারা যাতে অল্প বয়সে মা না হয় সে জন্য কাজ করতে হবে।
কিশোর-কিশোরীরা যাতে বিয়ের পরপরই গর্ভধারণ না করে সে জন্য শ্রীলঙ্কা বেশ সফলভাবে কাজ করেছে। আমরা তাদের পদ্ধতিটি নিতে পারি। আমাদের দেশেও এ লক্ষ্যে কাজ করতে হবে, যাতে কিশোর-কিশোরীদের গর্ভধারণ বিলম্বিত হয়।
এ ক্ষেত্রে সরকার ও এনজিও একসঙ্গে কাজ করতে পারে। কিশোর-কিশোরীদের শিক্ষার ক্ষেত্রে ব্যাপক কাজ করতে হবে।

মাহমুদুল কবির
আমরাসহ আরও অনেকেই শিশুদের অধিকার নিয়ে কাজ করি। তারপরও শিশু নির্যাতন, হত্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। শিশু নির্যাতন ও হত্যার ঘটনা আমাদের আতঙ্কিত করছে।
দেশে একটা গুরুত্বপূর্ণ বড় সমস্যা হচ্ছে ভুয়া জন্মনিবন্ধন। আমরা বিবাহিত শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, অল্প বয়সী বিবাহিত মেয়েদের ১৮ বছর বয়সের সনদ দেওয়া হয়েছে। ফলে ভুয়া জন্মনিবন্ধন বন্ধ করা খুবই জরুরি।
শিশুবিবাহ হলে একটা মেয়ের কী সমস্যা হয় আমরা সেটা জানি। শিশুবিবাহ শিশু অধিকারের লঙ্ঘন। সাধারণত বিয়ের পরই পড়াশোনা বন্ধ হয়ে যায়। কেবল শিশু কেন, যেকোনো মেয়ের অপরিচিত একটা পরিবেশে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে খাপ খাওয়াতে অনেক সমস্যা হয়। সবদিক থেকে সংসারের এত চাপ এসে পড়ে যে তার সব সৃজনশীলতা বাধাগ্রস্ত হয়।
আজকের এই দীপ্তি রানী বলেছিলেন, আমাকে কোনো একটা বিষয়ে প্রশিক্ষণ দিন, আমি একটা কাজ শিখতে চাই। ঢাকায় যেতে চাই না। এখানে হাঁস-মুরগি পালনসহ যেকোনো একটা কাজ করে বেঁচে থাকতে চাই।
সবচেয়ে আনন্দের বিষয় হলো, অামাদের কর্মএলাকায় বিবাহিত কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকসহ প্রায় সবাই শিশুবিবাহের ক্ষতির দিকটি বুঝতে পারছে। বিশ্বাস হয়নি এরা আবার স্কুলে ফিরে আসবে। কিন্তু এদের কেউ কেউ স্কুলে ফিরে এসেছে। সবাই মিলে কাজ করতে পারলে এ ক্ষেত্রে সাফল্য অবশ্যই আসবে।

মোসাম্মত ফারহানা আক্তার
আমাদের কাজের অংশ হিসেবে ইমেজ প্রকল্প এলাকায় বিবাহিত মেয়েশিশুদের নিয়ে একটা গবেষণা করেছি। এদের বিয়ের গড় বয়স ১৪ বছর। ১৩ থেকে ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিয়ে হয়। আমরা দেখেছি ৭৬ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৫ বছরের মধ্যে।
এরা ঠিকভাবে বয়স বলতে পারে না। আমরা বিভিন্নভাবে এটা বের করার চেষ্টা করেছি। এদের মধ্যে ৫৯ শতাংশ মেয়ের অন্তত একটা সন্তান আছে। ২০ শতাংশ মেয়ের দুটো সন্তান আছে। ৮ শতাংশ বর্তমানে (জরিপ চলাকালে) গর্ভবতী।
বিয়ের পরপরই এদের সন্তান নেওয়ার জন্য একধরনের চাপ থাকে। ৮০ শতাংশ ক্ষেত্রে স্বামীরা প্রথম সন্তানের সিদ্ধান্ত নেন। পুরুষদের মধ্যেও অনেকে বুঝতে পেরেছেন, শিশুবিবাহ ঠিক হয়নি। কারণ, অনেক রকম জটিলতা তঁাদের মেনে নিতে হয়।
এই বিবাহিত মেয়েশিশুদের মাত্র ৮ শতাংশ বিয়ের পর পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এদের বেশির ভাগ এসএসসি পাস করেছে। এরা হয়তো নিজেরা পড়াশোনার গুরুত্ব বুঝতে পেরেছে। সবাইকে বোঝাতে পেরেছে। এ জন্য এদের পড়াশোনার সুযোগটা এসেছে।
এই ফলাফল আমাদের একটি গবেষণার প্রাথমিক বিশ্লেষণে বেরিয়ে এসেছে। পরবর্তী সময়ে আমরা এই গবেষণার বিস্তারিত ফলাফল সবাইকে জানাব।

মোহাম্মদ মুনির হোসেন
এসডিজিতে (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে, কেউ পেছনে পড়ে থাকবে না। জাতিসংঘ এ প্রত্যয় ব্যক্ত করেনি। বিশ্বের রাষ্ট্রসমূহের সরকার এটা বলেছে। তাহলে ৩০ থেকে ৩২ লাখ বিবাহিত শিশু কি পেছনে পড়ে থাকবে?
ইউএনএফপিএর একটি বৈশ্বিক লক্ষ্য আছে। আমরা কিশোর-কিশোরীদের সম্ভাবনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। দেশে ১০ থেকে ২৪ বছর বয়সী মানুষের সংখ্যা হলো পাঁচ কোটি। শুধু কিশোর-কিশোরীদের সংখ্যা ধরলে সংখ্যাটি হয়তো কিছুটা কমে যাবে।
এদের এখন বিভিন্নভাবে সহযোগিতা করা প্রয়োজন। নেদারল্যান্ডস অ্যাম্বাসির তহবিলে আমরা জেনারেশন ব্রেক থ্রু নামে একটি প্রকল্প করছি। এর আওতায় পটুয়াখালী জেলার ১৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে কাজ করছি। এর মধ্যে মাত্র চারটিতে কলেজ শাখা রয়েছে। মেয়েদের শিক্ষা চালিয়ে নিতে হলে এসব স্কুলে কলেজ শাখা খুলতে হবে।
মাধ্যমিক স্কুলগুলো ইউনিয়নের মধ্যে বা বাড়ির কাছে থাকে। কলেজে যেতে হলে উপজেলা, জেলায় যেতে হয়। বাংলাদেশের বাস্তবতায় এটা কতটুকু সম্ভব? আর মেয়েটি বিবাহিত হলে তাকে কত ধরনের চাপ সামলাতে হয়। আবার ব্রেস্টফিডিং মায়েদের জন্য স্কুলে-কলেজে কতটুকু সুযোগ-সুবিধা থাকবে, সেটিও একটি বিষয়।
সরকারের ২২টি প্রতিষ্ঠান দক্ষতা বৃদ্ধির কাজ করে থাকে। এখানে মেয়েদের অংশগ্রহণ খুবই কম। এসব বিষয় গুরুত্বের সঙ্গে না ভাবলে আমরা সামনে এগোতে পারব না।

মাশফিকা জামান সাটিয়ার
আমরা খাদ্যনিরাপত্তা, পানি ব্যবস্থাপনা, যৌন ও প্রজননস্বাস্থ্য নিয়ে কাজ করছি। কিশোর-কিশোরীদের প্রতি আমাদের সব সময় বেশি গুরুত্ব থাকে।
বাল্যবিবাহ যাতে না হয় সে জন্য কাজ করি। আমাদের বালিকা প্রকল্প এটা নিয়ে কাজ করে। এ প্রকল্প মেয়েদের শিক্ষায় সহযোগিতার মাধ্যমে বিয়েকে বিলম্বিত করছে। এ উদ্যোগের ফলে দেখা গেছে, ২৫ শতাংশ মেয়ের বিয়ে বিলম্বিত হয়েছে।
এ প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ১৫ বছরের পর সাধারণত মেয়েদের বিয়ে হচ্ছে। কারণ, তাদের কলেজ অনেক দূরে। আবার বিয়ের পর তারা না প্রাপ্তবয়স্ক না শিশু। আমাদের দেশে একজন মেয়ের বিয়ে হলে তাকে আর শিশু বলার সুযোগ থাকে না। এদের অধিকাংশের আবার সন্তান হয়। এমন ১৮ বছরের নিচে যাদের বিয়ে হচ্ছে তারা অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। ইমেজ প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করছি। এ এক বিশাল কাজ। সবাই একসঙ্গে কাজ করলে এ সমস্যা একদিন থাকবে না।

হালিদা এইচ আখতার
আমাদের সমাজে মেয়েশিশুরা ভীষণ অসহায়। তাদের কোনো কিছু বলার থাকে না। তাদের কাছে কোনো কিছু জানতে চাওয়া হয় না। তাদের বিয়ে দেওয়া একটা প্রথা হিসেবে চলছে।
কিন্তু কেউ বুঝতে পারছে না তাদের জীবনের কত বড় ক্ষতি করা হচ্ছে। এ অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। আমরা ব্যাপক প্রচারণা চালিয়ে দেশকে পোলিওমুক্ত করেছি। শিশুবিবাহের ক্ষেত্রেও আমাদের পোলিওর মতো উদ্যোগ নিতে হবে।
সূর্যের হাসি এনজেল মডেলে বিবাহিত কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা দিচ্ছে। কিশোরী মা ও নবজাতকের জন্য ‘তিন দিনের পাহারা’ কর্মসূচি নিয়েছে।
আমরা আরেকটি নতুন কাজ করছি, সেটা হলো, নবদম্পতিদের সংবর্ধনা দিচ্ছি। দম্পতিদের জীবনে এটা অনেক কাজে আসে। এখানে বর্তমান ও ভবিষ্যৎ জীবনের অনেক বিষয় আলোচনা হয়।
আমরা অনেক প্রশংসা পাচ্ছি। ল্যানসেটজর্নাল আমাদের প্রশংসা করছে। সবকিছুর পরও এই জায়গাটাতে আমাদের কোনো কাজ হচ্ছে না। এদের সন্তান হচ্ছে। সন্তান জন্ম দিতে গিয়ে জটিলতা হচ্ছে। যথাযথ চিকিৎসা হচ্ছে না। ফিস্টুলাসহ বিভিন্ন অসুখে এরা ভুগছে।
শিশুবিবাহ একটা অপরাধ। অভিভাবকদের বলতে হবে, এটা বিরাট অপরাধ। এই অপরাধ তোমরা করতে পারো না। অনেকে নিরাপত্তা ও দারিদ্র্যের কথা বলেন। কিসের সঙ্গে কী তুলনা করতে হবে, সেটাও আমাদের বুঝতে হবে। একটা বিষয় বুঝতে হবে, কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না। অনেক বছর ধরে কাজ করছি। ফিস্টুলাসহ কোনো জটিলতাই কিন্তু কমেনি। যেকোনো মূল্যে শিশুবিবাহ বন্ধ করতেই হবে।

মোহাম্মদ শরীফ
আমাদের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য সফলতা রয়েছে। দেশের বাইরে গেলে এটা আরও বেশি বোঝা যায়। দুটো জায়গায় আরও অনেক বেশি কাজ করতে হবে। এক. কিশোর-কিশোরীদের স্বাস্থ্য। দুই. নিউট্রিশন। এ দুই ক্ষেত্রে সফলতা আশানুরূপ হয়নি।
তবে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে এখন কাজ হচ্ছে। ইউএনএফপিএ ও ইউনিসেফের সহায়তায় ৯৩টি অ্যাডেলসেন্ট কর্নার করা হয়েছে। এর মাধ্যমে তাদের সেবা দেওয়া হচ্ছে।
এখন আমরা স্বাস্থ্যসেবাকে আরও গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছি। কিশোরীদের প্রথম সন্তান হওয়ার পর কয়েক বছর সন্তান ধারণে যেন বিরতি থাকে, সে জন্য আমরা কাজ করছি।
বিয়ের বয়স যেন কোনোভাবেই ১৮-এর নিচে নামানো না হয়। কারণ, আমরা কাজ করতে গিয়ে দেখেছি, শিশুমেয়েদের কত জটিলতা তৈরি হয়।
আমি একটা কলেজের সঙ্গে যুক্ত আছি। এ কলেজে ৭০ শতাংশ মেয়ে। কারণ, ছেলেরা অন্য কোনো জায়গায় পড়তে যেতে পারে। কিন্তু মেয়েরা দূরে যেতে পারে না। স্কুলের সঙ্গে কলেজ থাকাটা এখন অপরিহার্য হয়ে উঠেছে। নীতিনির্ধারকদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। স্বাস্থ্যের ক্ষেত্রে সাফল্য আছে। এ সাফল্যকে ধরে রাখতে হলে সংশ্লিষ্ট সবাইকে আরও কাজ করতে হবে।

দীন মোহাম্মদ নুরুল হক
আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অালোচনার শিরোনাম ‘আমিও আছি’ অর্থাৎ আমি হারিয়ে যেতে পারি না। আমার কথা তোমাদের ভাবতে হবে। বিভিন্ন কারণে শিশুবিবাহ হয়। কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের ক্ষেত্রে দেশে ব্যাপক কাজ হচ্ছে। আপনারা সবাই ভালো কাজ করছেন। এ জন্য আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি।
আমরা সচেতনতার জন্য কাজ করছি। মেয়েদের যখন শারীরিক পরিবর্তনগুলো আসে, বিশেষ করে যখন মাসিক হয়, তখন অনেক মেয়েই এটাকে মেনে নিতে পারে না। মেয়েদের ব্যক্তিগত শারীরিক পরিবর্তন, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে তাদের সচেতন করা জরুরি।
ইউএনএফপিএর সহায়তায় দেশব্যাপী ফিস্টুলা ম্যানেজমেন্ট ও সার্ভাইক্যাল ক্যানসারের কর্মসূচি করছি। এই মার্চ মাসে আমরা মেয়েদের এমন একটা ইনজেকশন দেওয়ার পরিকল্পনা নিয়েছি, যাতে ভবিষ্যতে তাদের আর কোনো সার্ভাইক্যাল ক্যানসার হবে না। বাংলাদেশের জন্য এটা হবে একটা বিশাল অর্জন।
আমাদের স্লোগান হলো, ১৮ বছরের আগে বিয়ে নয়, ২১ বছরের আগে সন্তান নয়। আমরা ছেলে ও মেয়ের সমান অধিকার চাই। খাবার টেবিলে মা ছেলেকেই সবকিছু বেশি দেবেন, এটা একেবারেই বন্ধ করতে হবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও আমরা অনেক কাজ একই সঙ্গে করে থাকি। কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনবদ্য সৃষ্টি। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন হয়েছে।
শুধু শিশুবিবাহ নিয়ে কথা বললে হবে না। শিশুদের প্রতি অন্যায় আচরণ, শিশুশ্রম, শিশুকল্যাণ, শিশুনিরাপত্তা সব বিষয়ে কথা বলতে হবে।
প্রতিবছর বিশ্বে ১৫ মিলিয়ন শিশুবিবাহ হয়। প্রতি মিনিটে ২৮টি মেয়ের অল্প বয়সে বিয়ে হচ্ছে। বাংলাদেশসহ আমাদের চারপাশের দেশগুলোতে বেশি হচ্ছে। আমার কাছে এটা মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা মনে হচ্ছে। এ জন্য শিশুদের জন্য কাজ করছি, তবে আরও অনেক বেশি করতে হবে।

সুলতানা কামাল
যখন কেউ বলে যে আমিও আছি, এর অর্থ হলো তাকে আমরা বাদ দিয়েছি। তার কথা কেউ শুনছি না। এটা একটা মানবাধিকার লঙ্ঘন। আমাদের মাঝে উপস্থিত আছেন দীপ্তি রানী। তঁার জীবনের কথা শুনলাম। অপ্রাপ্তবয়স্ক অসংখ্য নারীর জীবনে এমন গল্প আছে।
সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এদের জন্য অনেকেই কাজ করছে। এদের কথা ভাবছে। হয়তো অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাব যে মেয়েদের শিশুবিবাহ হচ্ছে না।
একটি শিশুর যে সেবাটা পাওয়ার কথা ছিল সেই সেবা তাকে অন্যকে দিতে হচ্ছে। আমরা আইনি সহায়তা দিই। আমাদের কাছে এমন বিবাহিত শিশুমেয়েরা আসে যাদের শারীরিক, মানসিক নির্যাতন করা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তালাক দেওয়া হয়েছে।
পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা একটা অত্যন্ত ভালো নারীনীতি পেয়েছি। উত্তরাধিকারের বিষয়টি ছাড়া এই নারীনীতি নিয়ে কোনো প্রশ্ন থাকবে বলে মনে হয় না। নারীকে ক্ষমতায়ন ও তাঁর অর্জিত সম্পত্তির ওপর তাঁর অধিকারের বিষয়টি জোরালোভাবে এসেছে।
এখন সময় এসেছে সবাই একসঙ্গে কাজ করার। তাহলে খুব নিকট ভবিষ্যতে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

মাখদুমা নার্গিস
শিশুবিবাহ নিয়ে অনেক কথা হচ্ছে। আলোচনা-সমালোচনা হচ্ছে। কিন্তু যেসব মেয়েশিশুর ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে তাদের কথা কেউ বলছে না। তারা আজ বলতে বাধ্য হচ্ছে, আমরাও আছি। তাই এরা হারিয়ে যাওয়ার আগেই এদের কথা ভাবতে হবে।
সব ক্ষেত্রে গণমাধ্যমের একটা ভূমিকা আছে। কিন্তু গণমাধ্যমে অধিকাংশ সময় নেতিবাচক বিষয়গুলো বেশি আসে। সরকার স্বাস্থ্য খাতে কাজ না করলে তো এ খাতে এত উন্নতি হতো না। গণমাধ্যমকে অনুরোধ করব তারা যেন স্বাস্থ্য খাতের উন্নয়নের দিকগুলোও লেখেন। তা না হলে যারা ভালো কাজ করে তারা হতাশ হয়।
আমরা রাত-দিন কাজ করছি বলেই স্বাস্থ্য খাতে উন্নতি হচ্ছে। কিন্তু ল্যানসেট জার্নালে আমাদের কাজের সাফল্য তুলে ধরার পরই সবাই জানতে পেরেছে, স্বাস্থ্য খাতে উন্নয়ন হচ্ছে। স্বাস্থ্য খাতে ঘটনাগুলো তুলে আনতে হবে। তাহলে সবাই কাজ করতে আরও অনুপ্রাণিত হবে।
২০০১ সাল থেকে সাত বছর কমিউনিটি ক্লিনিক বন্ধ ছিল। অতিদরিদ্র মানুষের সেবার একটি অন্যতম জায়গা হলো কমিউনিটি ক্লিনিক। এটা সাত বছর বন্ধ থাকল। এটা খুবই দুঃখজনক, কেউ এ বিষয়ে জোর দিয়ে কথা বলেননি।
২০০৯ সাল থেকে এ পর্যন্ত কী হয়েছে সাংবাদিক, দেশের সাধারণ মানুষ সবার জানার কথা। স্বাস্থ্যসেবা আগেও ছিল, কিন্তু কমিউনিটি ও সেবাকেন্দ্রের সঙ্গে দূরত্ব ছিল অনেক বেশি। কমিউনিটি ক্লিনিক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একটি কিশোর ও একটি কিশোরী আছে। এদের ক্ষমতায়ন করছি। এদের সহযোগিতায় প্রতি এলাকার বিবাহিত কিশোর-কিশোরী খুঁজে বের করব। তাদের যাতে দ্রুত সন্তান না হয়, সে জন্য যাবতীয় সহযোগিতা প্রদান করা হবে। বিবাহিত শিশুরা যাতে অন্তত ২০ বছরের আগে সন্তান নেওয়ার সিদ্ধান্ত না নেয়। সরকার, এনজিওসহ সবাইকে কাজ করার অনুরোধ করছি।
আব্দুল কাইয়ুম: বিবাহিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যে এদের জন্য কাজ করছে। তবে প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট নয়। নীতিনির্ধারণী পর্যায় থেকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আলোচনায় সুপারিশ
* যেকোনোভাবেই হোক শিশুবিবাহ প্রিতহত করা প্রয়োজন। অল্প বয়সে বিয়ে হলে মা ও শিশু দুজনের জীবনই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে
* বিবাহিত শিশুদের গর্ভধারণকে বিলম্বিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন
* বিবাহিত শিশুরা যাতে স্কুলে ফিরে যেতে পারে, লেখাপড়া ও স্বাস্থ্যসেবার পূর্ণ সুযোগ পায়, সে জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে
* শুধু শিশুবিবাহ না, শিশুদের প্রতি অন্যায় আচরণ, শিশুশ্রম, শিশুকল্যাণ, শিশুনিরাপত্তাসহ সব বিষয়ে কথা বলতে হবে
* ছেলেমেয়ের সমান অধিকার নিশ্চিত করতে হবে
বাংলাদেেশ শিশুবিবাহ
৬৫% মেয়ের বিয়ে হয় ১৮ বছর বয়সের আগে
২৯% মেয়ের বিয়ে হয় ১৫ বছর বয়সের আগে
৩১% মেয়ে ১৫-১৯ বছরের মধ্যে প্রথম সন্তান ধারণ করে
গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রামের ৪৫০ জন বিবাহিত কিশোরীর সেঙ্গ পরিবারভিত্তিক জরিপের ফলাফল
বিবাহিত শিশুদের বর্তমান অবস্থা
স্কুলে যায় ৮%
পড়াশোনা বন্ধ ৯২%
বিবাহিত কিশোরীদের বিয়ের গড় বয়স ১৪ বছর
১২ বছরের কম ১%
অন্যান্য ৫%
১২ বছর ৬%
১৬–১৮ বছর ১৯%
১৩–১৫ বছর ৬৯%
সূত্র: ইমেজ প্রকল্প, ইউনিসেফ, বিডিএইচএস
যাঁরা অংশ নিলেন
দীন মোহাম্মদ নুরুল হক : মহাপরিচালক, স্বাস্থ্যসেবা অধিদপ্তর
মাখদুমা নার্গিস : চিফ কো-অর্ডিনেটর, কমিউনিটি ক্লিনিক
সুলতানা কামাল : মানবাধিকারকর্মী
মোহাম্মদ শরীফ : ডিরেক্টর (এমসিএইচ-সার্ভিসেস) ও লাইন ডিরেক্টর (এমসিআরএইচ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর
মাশফিকা জামান সাটিয়ার : অ্যাডভাইজার এসআরএইচআর অ্যান্ড জেন্ডার, অ্যাম্বাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস
হালিদা এইচ আখতার : চিফ অব পার্টি, ইউএসএইড–ডিএফআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, বাংলাদেশ
রাবেয়া খাতুন : ন্যাশনাল প্রফেশনাল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ
মোহাম্মদ মুনির হোসেন : ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, এ অ্যান্ড ওয়াই, ইউএনএফপিএ, বাংলাদেশ
ওবায়দুর রব : কান্ট্রি ডিরেক্টর, পপুলেশন কাউন্সিল, ঢাকা, বাংলাদেশ
মাহমুদুল কবির : কান্ট্রি ডিরেক্টর, টেরে ডেস হোমস নেদারল্যান্ডস, ঢাকা, বাংলাদেশ
অর্ণব চক্রবর্তী : ব্যবস্থাপনা পরিচালক, রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড, ঢাকা
ফারহানা জেসমিন হাসান : প্রজেক্ট ডিরেক্টর, ইমেজ প্রকল্প
মোসাম্মত ফারহানা আক্তার : রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, ইমেজ প্রকল্প
দীপ্তি রানী : শিশুবিবাহের শিকার (গাইবান্ধা)
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো