আমিও মিস করছি ক্যাম্পাসকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাম্পাসের আড্ডাটা শিক্ষার্থীরা অনেক মিস করছেন। ছবি: লেখক
ক্যাম্পাসের আড্ডাটা শিক্ষার্থীরা অনেক মিস করছেন। ছবি: লেখক

আমিও মিস করছি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়কে, আমার ক্যাম্পাসকে।

করোনার এই মহামারিতে চারদিকে যেমন নিস্তব্ধতা, মানুষের চোখে ঘন কালোর ছায়া আর সারাদিন ধরে ক্লাস, ল্যাব, কুইজ, অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকা ক্যাম্পাসগুলো এখন যেন প্রাণহীন, স্থবির...।

ফেসবুকের আলাদা জগতে এখন আড্ডা দেওয়া, বন্ধু বানানো সহজতর প্রক্রিয়া হলেও কি তাতে মন ভরে? তাই তো প্রতিদিন শুনছি ক্যাম্পাসে ফেরার সবার আকুতি, আর্তনাদ। সবাই যেন ফিরতে চাইছে আবার সেই ব্যস্ত, বিষণ্ন ক্লাসরুমে, ল্যাবে আর স্যারদের চোখরাঙানো দুনিয়ায়।

আমিও মিস করছি এশিয়া প্যাসিফিককে। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ছোট্ট ক্যাম্পাস, কখনো যে জায়গায় আমার মন টেকে না, কখনো চাইনি এই ছোট ভুবন আমার ঠিকানা হোক, সেই ক্যাম্পাসে আমি ফিরতে চাইছি। করোনা বুঝি আমাকেই ভালোবাসিয়ে দিল। হয়তোবা ঠিক, হয়তোবা কিছুটা ঠিক। যখনি প্রথম পা রেখেছি এই ক্যাম্পাসে, সিনিয়রদের মুখে শুনেছি, এশিয়া প্যাসিফিক একটা পরিবার, একটা ভাই-ব্রাদার আড্ডার আস্তানা। আমি নিশ্চিত, সবাই এই বোরিং ক্লাসরুম, ল্যাবে ফিরতে চাইছে একটি কারণেই যে পরিবারের সদস্যগুলোর মুখটুকু দেখা যাবে, এই আশায়। সবাই ফিরতে চাইছে দুই ক্লাসের বিরতিতে ভার্সিটির সিঁড়িতে হঠাৎ দলবেঁধে গাওয়া, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম কী দোষ দিবি তাতে’ বা ‘আমার পথচলা আমার পথে, যেন বেলা শেষে আকাশ কার মোহে’; এই জন্যই বোধ হয়।

আমিও মিস করছি ক্যাম্পাসটাকে। মিস করছি ক্লাস শেষে দৌড়ে নিচে নেমে এসে সিনিয়রদের খুঁজে বের করাটা, হয়তোবা কোনো সিনিয়রকে নাম ধরে ডেকে মজা নেওয়াটা, হয়তোবা কোনো সিনিয়রের পাগলামি দেখে মজা পাওয়াটা। আবার রাতে হাঁটতে হাঁটতে কোনো বন্ধুর সঙ্গে মজার আইডিয়া পেয়ে সেটাতে সবাইকে নাকানিচুবানি খাওয়া; মিস করছি ক্লাস সিটিতে কিচ্ছু না পেরে চুপচাপ বসে থাকা কিংবা স্যারের চোখ ফাঁকি দিয়ে বন্ধুর লেখা দেখার চেষ্টা। আবার কোনো ছোটখাটো ইস্যুতে বন্ধুবান্ধব দুই ভাগ হয়ে তর্কে জড়ানোটা।

আচ্ছা ভাবুন তো, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া—তিন নদীর মিশেল যেখান হয়েছে, কেমন হবে সেখানে বসে আড্ডা দিতে পারলে। রোমাঞ্চ অনুভূত হচ্ছে নিশ্চয়ই?

তাহলে আরও একবার ভাবুন, বাংলাদেশের একেক জেলা থেকে আসা এসব মানুষেরা যখন একসঙ্গে ক্যাম্পাসের পাশে বুথে বসে আড্ডায় মনোনিবেশ করে, কতটা রোমাঞ্চকর হয় ব্যাপারটা।

বিশ্ববিদ্যালয়ের অপর পাশে চায়ের দোকানগুলোয় চায়ের চুমুকে হারিয়ে যাওয়া আর সিগারেটের ধোঁয়া হাওয়ায় ভাসিয়ে পাশের জনের সঙ্গে শেয়ার করা, ক্যাম্পাসের ক্যানটিনে কোনো সিনিয়রের দেখা পাওয়ামাত্র দৌড়ে গিয়ে ট্রিট চাওয়া, বা টংঘরে জম্পেশ আড্ডায় একে অপরকে পচানো, কারও জন্মদিনে অদ্ভুতুড়ে সারপ্রাইজ দেওয়া, বা বন্ধুবান্ধবকে বোকা বানানো। কালের পরিক্রমায় আমিও সিনিয়র হয়ে গেছি; জুনিয়দের আগলে রাখা, শত আবদার পূরণ করতে হয় বইকি।

আপনি বুঝি মিস না করতে পারেন এমন সবকিছুকে। মহাকাব্যের এখনো অনেক বাকি। আরও অনেক দিন ক্যাম্পাসটায় থাকব। করোনা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আরও অনেক গল্প লেখা বাকি। গল্প বলার মতো এমন সেরা প্ল্যাটফর্ম বোধ হয় আর পাওয়া যাবে না। পাওয়া কীভাবে যাবে বলুন! এত জেলার, এত রকমের, ভিন্ন ভিন্ন ধর্মের, ভিন্ন ভিন্ন চরিত্রের এত ক্যারেক্টার আবার কোথায় পাবেন!

আমি নিশ্চিত আপনিও মিস করছেন এসব কিছুকেই। মিস করছেন যে মানুষকে দুই চোখে ক্যাম্পাসে দেখতে পারেন না, তাকে। এমনকি প্রতিদিন সকালে আইডি কার্ড নিয়ে ঘ্যান ঘ্যান করা সেই মামাগুলোকেও...।

আবার হয়তো দেখা হবে, কিছু গল্প বলা শেষ হয়ে গেলেও হয় না শেষ...।