আমিন ইউ সরকার নর্থ সাউথের উপাচার্য হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক আমিন ইউ সরকার গত মঙ্গলবার যোগদান করেছেন। রাষ্ট্রপতি এবং আচার্য সম্প্রতি তাঁর নিয়োগ অনুমোদন করেন।প্রায় দেড় বছর আগে অধ্যাপক হাফিজ জি এ সিদ্দিকী দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে শীর্ষস্থানীয় ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সংকট তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ একই সঙ্গে ভারপ্রাপ্ত উপাচার্য এবং সহ-উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন। অধ্যাপক আমিন ইউ সরকার যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ছাড়াও চেয়ারম্যান এবং ডিন পদে দায়িত্ব পালন করেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে অর্থনীতি বিষয়ে ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৮৮ সালে রিসোর্স ইকোনোমিকস বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ওই বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য পদে নিয়োগ-প্রক্রিয়া চলছে। তিনজনের একটি প্যানেল শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ট্রাস্টি বোর্ড। তালিকায় ১ নম্বরে রয়েছে সমালোচনা ও বিতর্কের মুখে নর্থ সাউথ থেকে চাকরি ছেড়ে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য পদে কর্মরত একজন অধ্যাপকের নাম।বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রত্যাশা, নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সংকট কেটে যাবে। ইতিমধ্যে ১৮ জুন বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।