চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির নেতা আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যান গতকাল বুধবার চট্টগ্রাম জেলা জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে আত্মসমর্পণ করেছেন। নিম্ন আদালত থেকে নথিপত্র আসায় ১৩ ফেব্রুয়ারি তাঁর জামিন শুনানির দিন ধার্য করা হয়। হাইকোর্টের দেওয়া নির্দেশনার কারণে ওই দিন পর্যন্ত তিনি জামিনে থাকবেন। আমিনুর রহমান বাঁশখালীর কালীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি বাঁশখালী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চাচাতো ভাইও তিনি। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আমি আমিন চেয়ারম্যানের জামিন শুনানির আবেদন করেছিলাম। কিন্তু বাঁশখালীর বিচারিক হাকিম আদালত থেকে মামলার নথিপত্র না আসায় আদালত ১৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন আমরা তাঁর জামিনের বিরোধিতা করব। কারণ তিনি ডাকাতদের গডফাদার। ১১ জনকে পুড়িয়ে হত্যায় তাঁর প্রত্যক্ষ ইন্ধন ছিল।’আদালত সূত্র জানায়, আমিন চেয়ারম্যানসহ নতুন করে আটজনকে অন্তর্ভুক্ত করে ৩৯ জনের বিরুদ্ধে গত ১১ জানুয়ারি আদালতে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু বাঁশখালীর বিচারিক হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। গত ১৬ জানুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ও জামিনে থাকা সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্র জানায়, পুলিশ প্রতিবেদন (অভিযোগপত্র) দাখিল পর্যন্ত আমিন চেয়ারম্যান হাইকোর্টের জামিনে ছিলেন। অভিযোগপত্র গ্রহণের পরদিন ১৭ জানুয়ারি তিনি হাইকোর্টে যান। ওই দিন বিচারপতি শেখ রেজওয়ান আলী ও বিচারপতি মো. আশরাফুল কামাল তাঁকে চট্টগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুসারে তিনি গতকাল আত্মসমর্পণ করেন। তবে মূল নথি না থাকায় আদালত ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ মামলার প্রথম্রতদন্ত কর্মকর্তা ক্লারেন্স গোমেজ ৩১ জনকে আসমি করে ২০০৫ সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। বাদী বিমল শীল এই অভিযোগপত্রের ওপর নারাজি দিলে ২০০৭ সালের ২০ মার্চ এ মামলার তদন্তের দায়িত্ব সাতকানিয়া সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) সফিকুর রহমানকে দেওয়া হয়। তিনিও একই আসামিদের অভিযুক্ত করে ২০০৭ সালের ২৭ নভেম্বর বাঁশখালীর আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর সিআইডির খুরশিদ জামিল তৃতীয় দফা তদন্ত করেন। এভাবে একে একে সাতজন তদন্ত কর্মকর্তা ঘুরেফিরে একই আসামিদের অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন।