চট্টগ্রামের বাঁশখালীর সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির নেতা আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার শুনানির পর চট্টগ্রাম জেলা জজ আবদুল কুদ্দুস মিয়া তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আমিনুর রহমান বাঁশখালীর কালীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি বাঁশখালী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চাচাতো ভাই।জামিন শুনানিতে অংশ নিয়ে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম বলেন, ‘ঘরের দরজা-জানালা বন্ধ করে মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনা বিরল। বাঁশখালীতে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে নৃশংসভাবে পুড়িয়ে মারা হয়েছে। আমিন চেয়ারম্যানের প্ররোচনায় এমন হত্যাকাণ্ড ঘটেছে। এ কাজ করে তিনি সাম্প্রদায়িকতা উসকে দিয়েছেন।’আদালত সূত্র জানায়, আমিন চেয়ারম্যানসহ নতুন আটজনকে অন্তর্ভুক্ত করে ৩৯ জনের বিরুদ্ধে গত ১১ জানুয়ারি আদালতে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু বাঁশখালীর বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ১৬ জানুয়ারি বাঁশখালীর বিচারিক হাকিম আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ও জামিনে থাকা সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আদালত সূত্র জানায়, পুলিশ প্রতিবেদন (অভিযোগপত্র) দাখিল করা পর্যন্ত আমিন চেয়ারম্যান হাইকোর্টের জামিনে ছিলেন। অভিযোগপত্র গ্রহণের পরের দিন ১৭ জানুয়ারি তিনি হাইকোর্টে যান। ওই দিন বিচারপতি শেখ রেজওয়ান আলী ও বিচারপতি মো. আশরাফুল কামাল তাঁকে চট্টগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তিনি ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করেন। মূল নথি না থাকায় ওই দিন জামিনের শুনানি হয়নি।২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ মামলার প্রথম্রতদন্ত কর্মকর্তা ক্লারেন্স গোমেজ ৩১ জনকে আসামি করে ২০০৫ সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। বাদী বিমল শীল অভিযোগপত্রের ওপর নারাজি দিলে ২০০৭ সালের ২০ মার্চ এ মামলার তদন্তভার সাতকানিয়া সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) সফিকুর রহমানকে দেওয়া হয়। তিনিও একই আসামিদের অভিযুক্ত করে ২০০৭ সালের ২৭ নভেম্বর আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর সিআইডির খুরশিদ জামিল তৃতীয় দফা তদন্ত করেন। এভাবে সাতজন তদন্ত কর্মকর্তা ঘুরেফিরে একই আসামিদের অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন।আদালত সূত্র জানায়, ইউনুস নামের এক যুবক বহদ্দারহাট এলাকায় গ্রেপ্তার হন। তিনি ১১ খুনের মূল হোতা হিসেবে আমিন চেয়ারম্যানের নাম প্রকাশ করেন।