পাঁচ সপ্তাহের মজুরি বকেয়া, সড়ক অবরোধে চট্টগ্রামে ভোগান্তি
আমিন জুট মিল শ্রমিকদের রেল ও সড়কপথ অবরোধ
বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চট্টগ্রামের বায়েজিদ থানার আমিন জুট মিলের শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার বিকেলে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা দুইটা থেকে কারখানার তৃতীয় পালার কাজ শুরু হয়। তবে গতকাল আমিন জুট মিলের তৃতীয় পালার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে পাশের রেলপথ ও সড়কে জড়ো হতে শুরু করেন। এরপর তাঁরা আতুরার ডিপো-অক্সিজেন সড়কের তিনটি জায়গায় গাছের গুঁড়ি ফেলে এবং কাগজ ও প্লাস্টিকে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করেন। একই সময় চট্টগ্রাম-নাজিরহাট রেলপথও অবরোধ করা হয়। অবরোধের কারণে বেলা তিনটার দিকে শহরমুখী একটি ডেমু ট্রেন আটকা পড়ে। বিকেল চারটায় অবরোধ তুলে নেওয়া হলে ডেমু আবার শহরের দিকে যাত্রা করে। অবরোধের কারণে আতুরার ডিপো থেকে অক্সিজেন পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় গাছের গুঁড়ি ও প্লাস্টিকে আগুন দিলেও অপ্রীতিকর কোনো কিছু ঘটেনি। অবরোধ চলাকালে জুট মিলের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আমরা বৈঠক করি। পরে আগামী সোমবার বকেয়া কিছু মজুরি দেওয়ার শর্তে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। বিকেল চারটায় কারখানায় আবার উৎপাদন শুরু হয়।’
কারখানার শ্রমিকেরা বলেন, পাঁচ সপ্তাহ ধরে প্রায় তিন হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক মজুরি পাচ্ছেন না। মজুরির দাবিতে বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁরা রেলপথ ও সড়ক অবরোধ করেছেন।
আমিন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি মহব্বত আলী খান প্রথম আলোকে জানান, তাঁরা পাঁচ সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না। এ ছাড়া ভবিষ্য-তহবিলের জন্য টাকা কেটে নেওয়া হলেও শ্রমিকদের প্রয়োজনের সময় তা দেওয়া হচ্ছে না। এ জন্য শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হন। তিনি বলেন, ‘প্রশাসনের সহযোগিতায় আমরা শ্রমিকদের কাজে ফেরাতে সক্ষম হই।’
আমিন জুট মিলের প্রকল্পপ্রধান কামরুল ইসলাম বলেন, কারখানার তহবিলে টাকা নেই। এক সপ্তাহের কাজের জন্য শ্রমিকদের ৮০ লাখ টাকা মজুরি দিতে হয়। পাঁচ সপ্তাহের প্রায় কোটি টাকা বকেয়া জমেছে। আগামী সোমবার এক সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ করা হবে। এই আশ্বাস পেয়ে শ্রমিকেরা কাজে ফেরেন।