আমিন জুট মিলের শ্রমিকদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত পাটকল চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকেরা বকেয়া মজুরির দাবিতে গতকাল বুধবার আবারও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন।
গতকাল বেলা দুইটার দিকে কয়েক শ শ্রমিক আমিন জুট মিলের প্রধান ফটকের সামনের সড়কে অবরোধ সৃষ্টি করেন। একই সময়ে কারখানার ভেতর দিয়ে যাওয়া চট্টগ্রাম-নাজিরহাট রেলপথেও অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় আতুরার ডিপোসহ আশপাশের সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে যাওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। এর আগে ২১ আগস্ট একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। সাত সপ্তাহের বকেয়া মজুরির দাবির পাশাপাশি তাঁদের আরও কিছু দাবি আছে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকেরা সড়ক ও রেলপথ অবরোধ তুলে নেন।
শ্রমিকেরা বলেন, চলতি সপ্তাহসহ কারখানা কর্তৃপক্ষের কাছে তাঁদের সাত সপ্তাহের বকেয়া পাওনা আছে। এ ছাড়া গত সপ্তাহে এর আগের সপ্তাহের বেতনের চেক ব্যাংকে জমা দেওয়া হলেও তাঁদের হিসাবে কোনো টাকা জমা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রামমুখী বেলা আড়াইটা ও তিনটার ট্রেন আটকা পড়ে। এতে বিপাকে পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফারহানা আফরোজ বলেন, ‘আমি আড়াইটার ট্রেনে ফিরছিলাম। ক্যান্টনমেন্ট পর্যন্ত এসে ট্রেন থেমে যায়। পরে সেখান থেকে হেঁটে কিছুদূর এসে আমরা সিএনজি অটোরিকশা নিয়ে বাসায় ফিরি।’
একইভাবে দুর্ভোগে পড়েন সড়কপথের যাত্রীরাও। অবরোধের কারণে মুরাদপুর-অক্সিজেন সড়ক বন্ধ হয়ে যায়। সড়কে তখন শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
আবদুর রহিম নামের এক যাত্রী বলেন, ‘যাচ্ছিলাম রাউজানে। কিন্তু এখানে আটকা পড়েছি অনেকক্ষণ। এখন পায়ে হেঁটে অক্সিজেন গিয়ে সেখান থেকে রাউজানের বাস ধরব।’
আমিন জুট মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোনা মিয়া বলেন, ‘আমাদের সাত সপ্তাহর মজুরি বকেয়া রয়েছে। চলতি সপ্তাহসহ হিসাব করলে আট সপ্তাহ হবে। এখন আমাদের শ্রমিকেরা খেতে পারছে না, চলতে পারছে না। সে জন্য অবরোধ করেছি।’ কারখানা সূত্র জানায়, কারখানা কর্তৃপক্ষ আগামী সপ্তাহে দুই সপ্তাহের মজুরি দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক ও রেলপথ অবরোধ তুলে নেন।
জানতে চাইলে আমিন জুট মিলের প্রকল্পপ্রধান খান মো. কামরুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা সাত সপ্তাহের মজুরির দাবিতে আন্দোলন করছেন। এ কারণে দুপুরের শিফটে কাজ হয়নি।’ তিনি জানান, আগামী সপ্তাহে দুই সপ্তাহের মজুরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।