আমিন টেক্সটাইল লোকসান কাটিয়ে উঠতে পারছে না
চট্টগ্রামের একমাত্র চালু সরকারি সুতার মিল আমিন টেক্সটাইল লিমিটেড-২ লোকসান কাটিয়ে উঠতে পারছে না। পুরোনো যন্ত্রপাতি ও নতুন বিনিয়োগ না হওয়ায় দিন দিন মিলটির উৎপাদন কমছে। একই সঙ্গে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান কমানো যাচ্ছে না।
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) সূত্রে জানা গেছে, সুতা তৈরির এ কারখানার দৈনিক উৎপাদনক্ষমতা দুই টনের মতো। কিন্তু অর্ধেকের বেশি যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে। বর্তমানে গড়ে দৈনিক এক টনের কম সুতা উৎপাদন করতে পারে কারখানাটি। মাসে গড় উৎপাদন হয় ২৭ টনের মতো।
১৯৯৭ সাল থেকে সার্ভিস চার্জ পদ্ধতিতে কারখানাটি চলছে। নানা সমস্যার কারণে মাঝে মাঝে বন্ধও রাখা হয়েছে। সর্বশেষ বন্ধ থাকার পর ২০১০ সালে চালু করা হয় কারখানাটি।
নারায়ণগঞ্জের ট্রেড এক্সচেঞ্জ নামের একটি প্রতিষ্ঠান কারখানাটির ইজারা গ্রহণের পর টানা চার বছর ধরে কারখানাটিতে উৎপাদন চলছে। প্রতিষ্ঠানটির দেওয়া কাঁচা তুলার বিনিময়ে সুতা তৈরি করে দিচ্ছে কারখানা। বিনিময়ে এক বেইল (১৮১ কেজি) সুতার বিপরীতে সাত হাজার ৪০০ টাকা সার্ভিস চার্জ পায় কারখানাটি।
বিটিএমসি ও আমিন টেক্সটাইল সূত্রে জানা গেছে, নতুন করে চালু হলেও নানা সংকটের কারণে লাভের মুখ দেখছে না কারখানাটি। প্রতি মাসেই তিন থেকে চার লাখ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে বিদ্যুতের দাম বাড়ায় ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. বায়েজিদ সারওয়ার প্রথম আলোকে বলেন, ‘সার্ভিস চার্জ পদ্ধতিতে কোনো কারখানাকে লাভজনক করাটা দুরূহ। আমরা যদি অন্তত কাঁচা তুলাটা নিজেরা সরবরাহ করতে পারতাম, তাহলেও হয়তো লোকসান কিছুটা কমানো যেত।’
আর্থিক সংকটের কারণে শ্রমিকদের মজুরি বেশি দিতে পারছে না কারখানাটি। ফলে অনেক দক্ষ শ্রমিক হারিয়েছে প্রতিষ্ঠানটি।
শ্রমিকের অভাবে দুই শিফটের বেশি কারখানাটি চালু রাখা যাচ্ছে না। বর্তমানে ১৮০ জনের মতো শ্রমিক সেখানে কাজ করেন। ২০০৭ সাল থেকে কারখানাটি দৈনিক মজুরি ভিত্তিতে চলছে।
কারখানায় নেই নিজস্ব জেনারেটর। বিদ্যুৎ না থাকলে উৎপাদনও বন্ধ থাকে। ফলে যেকোনো সময় এর যন্ত্রপাতিগুলোও বিকল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাটির একজন কর্মকর্তা বলেন, প্রতিযোগিতায় যাওয়া দূরে থাক, কারখানাটি এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে আছে। আধুনিক যন্ত্রপাতি ছাড়া কোনোভাবেই লোকসান এড়ানো সম্ভব নয়।
বিটিএমসির চেয়ারম্যান জানান, লোকসানে থাকা কারখানাগুলো ব্যবস্থাপনা আরও উন্নত করার চেষ্টা চলছে। আর বন্ধ কারখানাগুলো নতুন করে চালুর বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।