আমিন হুদার জামিন হয়নি আবেদন তালিকা থেকে বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় আমিন হুদার জামিন হয়নি। জামিন চেয়ে তাঁর করা আবেদন তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার তাঁর জামিন আবেদন তালিকা থেকে বাদ দেন।
আদালতে আমিন হুদার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ, আবদুল বাসেত মজুমদার ও মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার।
পরে মোশাররফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, দুই মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আমিন হুদা হাইকোর্টে আপিল করে জামিন চান। ২০১৩ সালে হাইকোর্ট তাঁকে জামিন দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ওই বছরের ৫ মে আপিল বিভাগ জামিন বাতিল করে তাঁকে আত্মসমর্পণ করতে ও হাইকোর্টে আপিল নিষ্পত্তির জন্য নির্দেশ দেন। এ অবস্থায় নতুন করে ওই দুই মামলায় জামিন চান আমিন হুদা। হাইকোর্ট জামিন না দিয়ে আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
আইনজীবী সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশানের একটি বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে র্যা ব। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গুলশানের আরেকটি বাসায় অভিযান চালিয়ে ১৩৮ বোতল মদ, পাঁচ কেজি ইয়াবা বড়ি (সংখ্যায় ১ লাখ ৩০ হাজার) এবং ইয়াবা তৈরির যন্ত্র ও উপাদান উদ্ধার করে র্যা ব। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়। দুই মামলায় ২০১২ সালের ১৫ জুলাই বিচারিক আদালতের রায়ে আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হককে বিভিন্ন ধারায় মোট ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ড ও জরিমানার আদেশ হয়। তবে একসঙ্গে সাজা চলবে বলে তাঁকে সর্বোচ্চ ১৪ বছর সাজাভোগ করতে হবে।