আমিন হুদার বিরুদ্ধে মাদক মামলার শুনানি পিছিয়েছে
ইয়াবা ব্যবসায়ী আমিন হুদার বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি পিছিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০ মে পরবর্তী তারিখ ধার্য করেন। বিচারক মোতাহার হোসেন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল হরতালের কারণে কারাগারে থাকা এই মামলার আরেক আসামি আহসানুল হক ওরফে হাসানকে হাজির না করায় সময়ের আবেদন করা হয়। আমিন হুদা এ মামলা জামিনে আছেন। আদালত সূত্র জানায়, এর আগে গত বছরের ১৫ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অপর দুটি মামলায় আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হককে বিভিন্ন ধারায় মোট ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি আমিন হুদার স্বাস্থ্যগত দিক বিবেচনা করে ওই দুই মামলায় তাঁর ছয় মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ মে আপিল বিভাগ ওই দুটি মামলায় আমিন হুদার জামিন মঞ্জুরের আদেশ বাতিল করেন এবং তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে আমিন হুদা এখন পর্যন্ত ওই দুই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। কারণ হিসেবে পিপি রফিকুল ইসলাম বলেন, জামিন বাতিল করাসংক্রান্ত আপিল বিভাগের আদেশ এখন পর্যন্ত তিনি পাননি। আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হককে ২০০৭ সালের ২৪ অক্টোবর রাতে গুলশানের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব। তখন ওই বাসা এবং তাঁদের দেওয়া তথ্য মোতাবেক অপর একটি বাসায় র্যাব অভিযান চালিয়ে ফেনসিডিলসহ বিপুল পরিমাণ উচ্চ মাত্রার মাদক ইয়াবা বড়ি ও ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এসব ঘটনায় তাঁদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।