আমিনবাজার পুলিশ ক্যাম্পের ২৩ পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগ ওঠায় রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারে পুলিশ ক্যাম্পের চার পুলিশ কর্মকর্তা, দুই নায়েক ও ১৭ জন কনস্টেবলকে গতকাল সোমবার রাতেই  ঢাকার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সেখানে তিন পুলিশ কর্মকর্তা, তিন নায়েক ও ১৪ জন কনস্টেবলকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। এদিকে ফারুক হোসেন ও সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদোল্লা আজ আমিনাবাজার গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। তদন্তকালে তাঁরা অভিযোগের সত্যতা পেয়েছেন।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং জোর করে বিভিন্ন পণ্যসামগ্রী নেওয়ার অভিযোগে গতকাল ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। তাঁরা পুলিশ ক্যাম্প প্রত্যাহারেরও দাবি জানান।