আমিনবাজার ল্যান্ড ফিলে বর্জ্য ফেলার ওপর নিষেধাজ্ঞা স্থগিত
সাভারের আমিনবাজার ল্যান্ড ফিলে (বর্জ্য ফেলার স্থান, বর্জ্য দিয়ে ভরাট) বর্জ্য ফেলার ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল রোববার আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল মতিনের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর ফলে আমিনবাজার ল্যান্ড ফিলে বর্জ্য ফেলায় বাধা রইল না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আমিনবাজার ল্যান্ড ফিলে বর্জ্য ফেলার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দেন। ওই আদেশ স্থগিত করতে ডিসিসি লিভ টু আপিল করে।আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী ও ইকবাল কবির। ডিসিসির আইনজীবী ছিলেন রফিক-উল হক ও রুহুল কুদ্দুস। শুনানিতে বেলার পক্ষ থেকে বলা হয়, বন্যাপ্রবণ এলাকায় বর্জ্য ফেলা হচ্ছে। এভাবে বর্জ্য ফেলা ও ভাগাড় করার জন্য অনুমোদনও নেওয়া হয়নি। অন্যদিকে ডিসিসির পক্ষ থেকে বলা হয়, প্রতিদিন ময়লা ও বর্জ্য তৈরি হচ্ছে। এগুলো কোথায় ফেলা হবে। এ জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া প্রয়োজন। উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত ডিসিসির আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে দেন। বেলার আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, হাইকোর্টে মূল মামলাটি অবিলম্বে শুনানির উদ্যোগ নিতে পক্ষদের নির্দেশ দিয়েছেন আদালত। মূল মামলা শুনানির জন্য ৭ জুলাই হাইকোর্টে দিন ধার্য রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন আরেক আদেশে সাভারে প্রস্তাবিত ডাম্পিং স্টেশন পরিবেশ, মাটি ও পানির জন্য কতটুকু ক্ষতিকর—এ সংক্রান্ত প্রতিবেদন চার মাসের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। প্রতিবেদন পাওয়ার পর দ্রুত শুনানি করতে বলেছেন আপিল বিভাগ।বিশুদ্ধ পানি নিশ্চিত করতে রিট: বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে গতকাল রিট করেছে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ সোমবার এ রিটের ওপর শুনানি হবে বলে রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরশেদ জানান।