আমিনবাজারে ছাত্র হত্যার দুই আসামি কারাগারে
রাজধানীর অদূরে আমিনবাজারের বরদেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করার মামলায় অভিযোগপত্রভুক্ত দুই আসামির জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসামি সাইফুল ইসলাম ও অখিল উদ্দিন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৮ জুলাই এ মামলায় ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন এবং ২৫ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। গতকাল দুই আসামির পক্ষে জামিনের শুনানি করেন সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দিন ও খোরশেদ মিয়া আলম। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আনন্দ চন্দ্র বিশ্বাস।
২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে নামাজ শেষে মিরপুর মাজার রোডের অদূরে আমিনবাজারে ঘুরতে যান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাপললিফ স্কুলের ‘এ’লেভেলের ছাত্র শামস রহিম, মিরপুর বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান, একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল, উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরুজ্জামান কান্ত, তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবির এবং আল-আমিন। সেখানে একদল লোক ডাকাত বলে পিটিয়ে ছয়জনকে হত্যা করে। অপর ছাত্র আল আমিন গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। পরে বিচার বিভাগীয় তদন্তে আল আমিনসহ নিহত ছাত্ররা নিরপরাধ প্রমাণিত হন।
১৩ জানুয়ারি আদালতে ৬০ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে বর্তমানে সাতজন কারাগারে ও ৩০ জন জামিনে রয়েছেন। ২৩ জন পলাতক রয়েছেন।