আমিনবাজারে ছাত্রহত্যা ঠান্ডা মাথায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারে ডাকাত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে ছয় ছাত্রের মৃত্যুকে ‘ঠান্ডা মাথায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘কোনো স্বাধীন ও স্বাভাবিক রাষ্ট্রে এটা মেনে নেওয়া যায় না। ঘটনাটি পুরো জাতির জন্য লজ্জার।’গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনারকক্ষে ‘সামাজিক সহায়তা উদ্যোগ’ শীর্ষক সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনটি মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের সহায়তা দিয়ে আসছে। অনুষ্ঠানে সিরাজগঞ্জ থেকে আসা মুক্তিযুদ্ধে নির্যাতিত নারী রাজুবালা দে ও সূর্য বেগম স্মৃতিচারণা করেন। তাঁরা একাত্তরে তাঁদের ওপর হানাদার বাহিনীর নির্যাতনের বর্ণনা দেন। একই সঙ্গে তুলে ধরেন স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তাঁদের অবহেলিত থাকার কথা। তাঁদের নির্যাতিত হওয়ার কাহিনি শুনে সভাস্থলে অনেককেই চোখের পানি মুছতে দেখা যায়।মিজানুর রহমান বলেন, বারিধারায় বাড়ি ভাড়া করে যুদ্ধাপরাধীদের পক্ষে বিচারে সহায়তার জন্য বিদেশি আইনজীবীরা একত্র হয়েছেন। এ অবস্থায় এসব নির্যাতিত মুক্তিযোদ্ধার কাহিনি গুরুত্বের সঙ্গে শোনা বা জানা তাঁদের কর্তব্য। সংগঠনের পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মো. আবু দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এস এম জাহিদ হোসেন ও মিজানুর রহমান। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ মার্চ মো. আবু দেলোয়ার হোসেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের সহায়তার জন্য ব্যক্তিগত উদ্যোগে সামাজিক সহায়তা উদ্যোগ নামে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।