আমিনবাজারে ৬ ছাত্র হত্যা মামলার সাক্ষ্য পিছিয়েছে
আমিনবাজারের ৬ ছাত্র হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষে কোনো সাক্ষী হাজির হননি। রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। এর আগে এ মামলায় ৯২ জনের মধ্যে বিভিন্ন সময় ৪৩ জনের জেরা শেষ হয়।
২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে আমিনবাজারের বরদেশি গ্রামের কেবলারচরে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় ছয় কলেজছাত্রকে। ঘটনার পর নিহত ছাত্রদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এনে গ্রামবাসীর পক্ষে সাভার মডেল থানায় মামলা করেন আবদুল মালেক নামের এক বালু ব্যবসায়ী।
২০১৩ সালের ৭ জানুয়ারি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ ৬০ জনকে আসামি করে অভিযোগপত্র দেন। গত বছরের ৮ জুলাই এ মামলায় অভিযোগ গঠন করা হয়। মামলার ৬০ আসামির মধ্যে জামিনে আছেন ৪৬ জন, ৯ জন পলাতক ও ৪ জন কারাগারে। এক আসামির মৃত্যু হয়েছে।