আমিনা বশীর আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনা বশীর
আমিনা বশীর

প্রথিতযশা চিত্রশিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমিনা বশীর (৭৭) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শনিবার সকাল ৬টা ৫৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছিল।
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানিয়েছে, আমিনা বশীর বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। স্ত্রীকে দেখভালের জন্য মুর্তজা বশীরও হাসপাতালে তাঁর পাশে থাকতেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শিল্পীকে গত বৃহস্পতিবার একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে গতকাল শুক্রবার রাত ১২টার পর মুর্তজা বশীরকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয়।
মুর্তজা বশীরের বড় জামাতা মোহাম্মদ সুজাত ইসলাম আজ প্রথম আলোকে বলেন, মুর্তজা বশীরকে গতকাল রাতে বাসায় নিয়ে আসা হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁকে বাসায় অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

সুজাত ইসলাম আরও জানান, আজ বেলা একটায় মণিপুরিপাড়ায় স্থানীয় মসজিদে আমিনা বশীরের প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাঁকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মুর্তজা বশীর ও আমিনা বশীরের বিয়ে হয় ১৯৬২ সালে। তাঁদের পরিবারে মুনিরা বশীর ও মুনিজা বশীর নামের দুই মেয়ে ও মেহরাজ বশীর নামের এক ছেলে রয়েছে।