ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী নিজেই তাঁর ছেলেকে গুম করেছেন বলে অভিযোগ তুলেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, আমিনী অত্যন্ত ধূর্ত ও চালবাজ। তিনি নিজেই ছেলেকে লুকিয়ে রেখে নাটক সাজিয়েছেন। আমিনী রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।গতকাল রোববার সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সকালে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে আমিনীর ছেলে হাসনাত (৩০) নিখোঁজ হন। মুফতি আমিনী ওই দিনই অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা তাঁর ছেলেকে ধরে নিয়ে গুম করেছে।অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর পক্ষ থেকে আমিনীর ছেলেকে আটকের কথা স্বীকার করা হয়নি। প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা নিয়ে আমিনী দেশের জনগণকে বিভ্রান্ত করতে চান বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি আমিনীকে ফাসেক আখ্যায়িত করে বলেন, দেশের আলেম সমাজকে এই ফাসেকের কাছ থেকে দূরে থাকতে হবে। সংবাদ সম্মেলনে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা বাহাদুর শাহ বলেন, ‘আমিনী নিজেকে ঈমানদার প্রমাণ করতে পারলে, আমি আজীবন তাঁর গোলামি করব। ওলামা মাশায়েখের প্রধান মুফতি আবদুল হালিম সিরাজী বলেন, ‘আমিনী ইসলামপন্থীদের নয়, সন্ত্রাসীদের নেতা।’