আমিনীকে গ্রেপ্তারের দাবি নারী নীতিমালা বাস্তবায়ন কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতার জন্য ফজলুল হক আমিনীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন কমিটি। একই সঙ্গে কমিটির নেতারা তাঁকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন।তৃণমূলের ১৭টি সংগঠনের মোর্চা জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন কমিটির নেত্রীরা বলেন, ২০ এপ্রিল আমিনী যে কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা তা প্রতিহত করার চেষ্টা করবেন। নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে তাঁরা কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ২৫ এপ্রিল মুক্তাঙ্গনে সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, ৭ মে গোলটেবিল বৈঠক এবং ১২ মে প্রতীক অনশন। সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক লাভলী ইয়াসমীন বলেন, নারীনীতি বাস্তবায়িত হলে দেশ জারজ সন্তানে ভরে যাবে বলে আমিনীর দেওয়া বক্তব্য আপত্তিকর। সরকারের উচিত তাঁকে এখনই গ্রেপ্তার করা।দলিত উইম্যান ফেডারেশনের বনানী বিশ্বাস বলেন, অনেক দিক থেকেই ১৯৯৭ ও ২০০৮ সালে ঘোষিত নীতিমালার তুলনায় নারী উন্নয়ন নীতি-২০১১ পশ্চাৎপদ। নতুন নীতিমালায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের নারীদের সম্পত্তির অধিকারের বিষয়ে কোনো কথা বলা হয়নি। নীতিমালা আইনে পরিণত করার আগে এ বিষয়টি চিন্তা করতে হবে। স্বাধীন বাংলা গার্মেন্টস ফেডারেশনের রেহানা আক্তার বলেন, নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে বাধা সৃষ্টি, যুদ্ধাপরাধের বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং সরকারকে বিপাকে ফেলার জন্যই উগ্র মৌলবাদীরা হরতাল-সমাবেশের মতো কর্মসূচি দিচ্ছে। সংবাদ সম্মেলনে অবিলম্বে নারীর শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি ব্যবহারে সম-অধিকার প্রতিষ্ঠায় একটি কর্মপরিকল্পনা তৈরির জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন: বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) গতকাল রোববার হাইকোর্ট ভবনের সামনে একটি মানববন্ধনের আয়োজন করে। পরে ওই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অনেক আইনজীবী অংশ নেন।