আমিনীকে জোট ছাড়তে টাকা সেধেছিল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে তৎ কালীন ক্ষমতাসীন চারদলীয় জোট থেকে বেরিয়ে আসতে ইসলামী ঐক্যজোটকে টাকা সেধেছিল আওয়ামী লীগ। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী এ দাবি করেছেন।উইকিলিকসের ফাঁস করা মার্কিন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে। ওই তারবার্তায় বলা হয়, ২০০৪ সালের ১৪ ডিসেম্বর আমিনীর সঙ্গে নৈশভোজে অংশ নেন ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আমিনী। ১৫ ডিসেম্বর ওই তারবার্তা ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো হয়।তারবার্তার তথ্য অনুয়ায়ী, আমিনী আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ‘বিবেকহীন’ বলে আখ্যা দেন। আমিনী দাবি করেন, আওয়ামী লীগের নেতারা তাঁর সঙ্গে ‘রাজনৈতিক সমঝোতায় পৌঁছার’ চেষ্টা করেন এবং ক্ষমতাসীন জোট ছাড়ার জন্য তাঁকে টাকা দেওয়ার প্রস্তাব দেন।জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে আমিনী বলেন, দলটি ক্ষমতায় যেতে মরিয়া। তিনি অভিযোগ করেন, জামায়াতের পরবর্তী নেতৃত্ব দলটির ছাত্রসংগঠন শিবিরের হাতে যাবে। শিবিরকে সহিংসতার প্রশিক্ষণ দেওয়া হয়। তারা ‘চরমপন্থী’ হবে বলে মন্তব্য করেন তিনি।তারবার্তায় বলা হয়, আমিনীকে আওয়ামী লীগের ঘুষ সাধার বিষয়ে মার্কিন দূতাবাসের সন্দেহ আছে, তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কারণ, দুই সপ্তাহ আগেও আওয়ামীবিরোধী একটি পক্ষের কাছ থেকে দূতাবাস এমন একটি অভিযোগ শুনেছে।