রাষ্ট্রদ্রোহের মামলায় চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি খোন্দকার মূসা খালেদের একক বেঞ্চ এ আদেশ দেন।রাজধানীর লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাদী হয়ে গত ১১ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। এ মামলায় আমিনী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে ২৫ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠান।গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। আমিনীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ রেজাউল করিম।এম কে রহমান পরে সাংবাদিকদের বলেন, এর আগে দ্বৈত বেঞ্চ আমিনীর জামিন আবেদনের বিষয়ে বিভক্ত আদেশ দেন। এক বিচারপতি চার সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেন। অপর বিচারপতি আবেদন খারিজ করে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর আবেদনটি তৃতীয় বেঞ্চে পাঠানো হয়। গতকাল এই বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজ করেন। অবিলম্বে আমিনীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।শেখ রেজাউল করিম জানান, দুটি কারণে সময় চাওয়া হয়েছিল, তা মঞ্জুর হয়নি। জামিন আবেদন সরাসরি খারিজ করা হয়েছে।