আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীর হোসাইন আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র শরীফকে নির্যাতনের অভিযোগে করা মামলায় আমিনীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করেছেন।গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান ওই আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মকবুল হোসেন সাংবাদিকদের জানান, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) ঘটনার তদন্ত করে অধিকতর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আসামি মুফতি ফজলুল হক আমিনীর পক্ষে সময় আবেদন করা হলে আদালত তা নাকচ করে এ আদেশ দেন।মামলার বাকি আসামিরা হলেন: মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইদ, মাওলানা জাকির হোসেন ও রায়হান।মাদ্রাসার ছাত্র শরীফকে নির্যাতনের অভিযোগে ২০০৮ সালে লালবাগ থানায় মামলা করা হয়। লালবাগ থানার পুলিশ ঘটনার তদন্ত করে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি মর্মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদী শরীফ তা প্রত্যাখ্যান করে আদালতে আবেদন করলে আদালত ফের তদন্তের নির্দেশ দেন।২০১০ সালের ৭ ডিসেম্বর লালবাগ থানার পুলিশ দ্বিতীয় দফায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদী তা প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করলে গতকাল নারাজি শুনানির জন্য দিন ধার্য ছিল।