আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মানহানির দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান এবং বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী পৃথকভাবে মামলা দুটি করেন। ঢাকার মহানগর হাকিম হারুন অর রশিদ রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাটি গ্রহণ করে আমিনীর বিরুদ্ধে সমন জারি করেন। মানহানির অভিযোগে করা অপর মামলায় ২৫ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।রাষ্ট্রদ্রোহ ও ভয়ভীতির মামলা: জিয়াউল হাসানের করা মামলায় অভিযোগ করা হয়, গত ২১ মার্চ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামী ছাত্র মোর্চা আয়োজিত আলোচনা সভায় নারী নীতির সমালোচনা করতে গিয়ে ফজলল হক আমিনী বলেন, ‘শেখ হাসিনাশূন্য হবে দেশ।’ এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ভয়ভীতি দেখান। অভিযোগে বলা হয়, এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। আদালত মামলাটি গ্রহণ করে আমিনীকে ২৫ এপ্রিল হাজির হওয়ার জন্য সমন জারি করেন।মানহানির মামলা: বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মানহানির অভিযোগে পৃথক আরেকটি মামলা করেন। অভিযোগে বলা হয়, গত ১৮ মার্চ রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে-হিচঁড়ে নামানো হবে বলে বক্তব্য দেন ফজলুল হক আমিনী। তাঁর ওই বক্তব্য পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এ ধরনের বক্তব্য মানহানি ও অমর্যাদাকর। তাই তিনি এই মামলা করেন। এই মামলায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক আহলুল্লাহ ওয়াছেলকেও আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ২৫ এপ্রিল এ বিষয়ে আদেশ দেবেন বলে জানান।