ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা আগামীকাল সোমবারের হরতাল প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল শনিবার সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি কবীর চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক কাজী মুকুল এক বিবৃতিতে এই আহ্বান জানান। তাঁরা মহাজোট সরকারের বিরুদ্ধে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীর জিহাদের হুমকিরও তীব্র নিন্দা জানান।বিবৃতিতে বলা হয়, ‘আমিনীর দল খালেদা-নিজামীদের চারদলীয় জোটের অংশ হলেও এই জোটের কোনো শরিক দল এই হরতালকে সমর্থন করেনি। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, জঙ্গি মৌলবাদীদের গডফাদার, উগ্র সাম্প্রদায়িক ও ধর্ম ব্যবসায়ী আমিনীদের হরতাল ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন।’হরতালের বিপক্ষে সমাবেশ: প্রস্তাবিত নারীনীতি, ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি ও ফতোয়া নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া রায় বাতিলের দাবিতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট। গতকাল বিকেল চারটায় ঢাকার মুক্তাঙ্গনে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নূরুল ইসলাম খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কফিল উদ্দিন, কাজী ফারুক আহম্মদ, শাহাদাত হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন কেউ মেনে নেবে না। কিন্তু মুফতি আমিনী ইসলামের নামে হরতাল ডেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। রাজনৈতিক ফায়দা লোটার জন্যই এই হরতাল। জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করবে।মানববন্ধন: হরতালের প্রতিবাদে জাতীয় গার্হস্থ্য নারীশ্রমিক ইউনিয়ন গতকাল মুক্তাঙ্গনে মানববন্ধন করে। ১০টি তৃণমূল নারী সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধনে প্রস্তাবিত নারীনীতি বাস্তবায়ন এবং অবিলম্বে মুফতি আমিনীকে গ্রেপ্তারের দাবি করা হয়।