আমিনুল খুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে সিআইডিকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যা মামলায় তদন্তের সর্বশেষ পরিস্থিতি জানাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) আজ চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে জানাতে মন্ত্রণালয় সাত দিন সময় বেঁধে দিয়েছে সিআইডিকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, গত ১৯ জুনও এ রকম একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সিআইডি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সিআইডিকে দেওয়া চিঠিতে আশুলিয়া শিল্পাঞ্চলের বিসিডব্লিউএসের কর্মী আমিনুল ইসলাম হত্যায় টাঙ্গাইলের ঘাটাইল থানায় করা মামলার সর্বশেষ অবস্থা জানতে চেয়েছে।

আমিনুল ইসলামের সন্দেহভাজন খুনি মোস্তাফিজুর রহমানকে ধরিয়ে দিতে দুবার পুরস্কার ঘোষণা করা হয়েছে। গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছিলেন, ‘আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের ব্যাপারে বলার মতো কোনো অগ্রগতি নেই।’

শ্রমিকনেতা আমিনুল ইসলামের পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্যাতনে আমিনুল ইসলাম মারা যান। শ্রমিকস্বার্থ সংরক্ষণে কাজ করছে এমন সংগঠনগুলো বলছে, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি অফিস থেকে বের হওয়ার পর তাঁকে মুঠোফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। এক দিন পর তাঁর লাশ পাওয়া যায়। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরকালে গত বছরের ৬ মে আমিনুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। ধারণা করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার (জিএসপি) স্থগিত হওয়ার পেছনে আমিনুল হত্যাকাণ্ডের বিষয়টি কাজ করেছে। জিএসপি ফিরে পেতে বাংলাদেশের জন্য করণীয় যে বিষয়গুলোর কথা উল্লেখ করেছে ওবামা প্রশাসন, তাতেও এই হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্তের কথা বলা হয়েছে।