আমিনুল হক বাদশার স্মরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সহকারী প্রেস সচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমিনুল হক বাদশার স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে মজিবর রহমান মিলনায়তনে এ শোকসভা হয়।
পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার শামসুল আলম, সাবেক ছাত্রনেতা আসাদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা দলীল উদ্দিন, প্রয়াত আমিনুল হক বাদশার ছোট ভাই লালিম হক প্রমুখ।
সভার শুরুতে আমিনুল হকের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ লোক উপস্থিত ছিলেন। আমিনুল হক গত ১০ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে ইন্তেকাল করেন। ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।