আমিনুল হকের দাফন সম্পন্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সহকারী প্রেস সচিব ও মুক্তিযুদ্ধের সংগঠক খন্দকার আমিনুল হক বাদশার দাফন সম্পন্ন হয়েছে। কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে মা সখিনা খাতুনের পাশে আমিনুল হককে দাফন করা হয়।
গতকাল বিকেল পৌনে ছয়টায় আমিনুল হকের মরদেহবাহী কফিন ঢাকা থেকে কুষ্টিয়া এসে পৌঁছায়। পরে সেটি কোর্টপাড়ার নিজ বাড়ির সামনে রাখা হয়। এ সময় তাঁর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
আমিনুল হকের কফিনে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে তাঁর জানাজা হয়। এতে অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
আমিনুল হক বাদশা ১০ ফেব্রুয়ারি লন্ডনে ইন্তেকাল করেন। তাঁর প্রথম জানাজা ও নাগরিক শোকসভা ১৩ ফেব্রুয়ারি লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। গত রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে আনা হয়।