আমিনুল হত্যা মামলা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম হত্যা মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চিঠিতে জানানো হয়, ঘটনায় গোয়েন্দা সংস্থার কথিত ‘সোর্স’ মোস্তাফিজুর রহমান ও বোরকা পরিহিত অজ্ঞাতনামা নারীকে খুঁজতে  বিশ্বস্ত চর নিয়োগ করা হয়েছে।

আজ সোমবার ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, ওই দুই ব্যক্তি ছাড়াও অন্য কেউ হত্যার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আগাম গ্রেপ্তারি পরোয়ানা, ক্রোকি ও হুলিয়া আদেশ জারি করা হয়েছে। তাঁদের খুঁজতে শ্রমিকনেতাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

আমিনুল হত্যার বিচার না হওয়াটা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত হওয়ার উল্লেখযোগ্য কারণ। কিন্তু গত ১৬ মাসেও এই মামলার কোনো সুরাহা হয়নি। সর্বশেষ গত ১০ জুন সরকারের এক তথ্য বিবরণীতে মোস্তাফিজুরকে ধরতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। প্রকাশ করা হয় তাঁর ছবি। এ ছাড়া, গত এক বছরে তদন্ত কর্মকর্তাদের বক্তব্যেরও বিশেষ কোনো পরিবর্তন হয়নি। এবারও তার ব্যতিক্রম নেই।

আমিনুল ইসলাম বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন। তিনি গত বছরের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। পরদিন তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় টাঙ্গাইলের ঘাটাইলে। বেওয়ারিশ হিসেবে আমিনুলের লাশ উদ্ধারের পর ঘাটাইল থানার উপপরিদর্শক শাহীন মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে আমিনুলের ভাই রফিকুল ইসলাম এ ঘটনায় সন্দেহভাজন মোস্তাফিজুর রহমান ও বোরকা পরিহিত অজ্ঞাতনামা এক নারীকে আসামি করে ঘাটাইল থানায় আরেকটি এজাহার দেন। এজাহারটি পুলিশের করা হত্যা মামলার সঙ্গে সংযুক্ত করা হয়। বোরকা পরিহিত ওই নারীকে নিয়ে আমিনুলকে ডাকতে গিয়েছিলেন মোস্তাফিজুর।

ঘাটাইল পুলিশ কয়েক দিন তদন্তের পরই মামলাটির তদন্তভার পায় টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বছরের ১৬ নভেম্বর থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে সবার তদন্তই মোস্তাফিজুরে এসে আটকে গেছে।

পুলিশ সূত্র জানায়, মোস্তাফিজুর একসময় আশুলিয়া কুইন্স সাউথ নামের একটি কারখানার শ্রমিক ছিলেন। ২০০৯ সালে তাঁর চাকরি চলে যায়। এরপর শ্রমিক হিসেবে নিজের পরিচয় দিলেও কোনো কারখানায় কাজ করেননি। পরে টাঙ্গাইল ডিবির তদন্তে বেরিয়ে আসে যে মোস্তাফিজুর ছিলেন একসঙ্গে তিনটি সংস্থার ‘সোর্স’। এই তিনটি সংস্থা হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও শিল্প পুলিশ।

আরও জানুন